সুনামগঞ্জে বাস–অটোরিকশা সংঘর্ষে নিহত ২

আপডেট : ০৪ মে ২০২৬, ২০:২১

সি‌লেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ছাতক উপজেলার জালালপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তাছাড়া আহত হয়েছেন অন্তত তিনজন।

সোমবার (৪ মে) দুপুর দুইটার দিকে একটি বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা  ঘটে। দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি বাসের চাপায় দুমড়ে- মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি হলেন, সুনামগঞ্জের তাহিরপুর এলাকার বাসিন্দা অটোরিকশাচালক মো. ইউসুফ আলী (৫০)।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ থেকে যাত্রীবাহী সিএনজি সিলেটের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি যাত্রবাহী বাস জালালপুর এলাকায় পৌঁছালে দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা যাত্রীরা আহত হন। স্থানীয়রা গুরুতর আহতদের উদ্ধার করে  সিলেটের বিভিন্ন হাসপাতালে পাঠান।

জয়কলস হাইওয়ে থানার ওসি মোতালেব জানান, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যান। পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুর্ঘটনা পর সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকলেও বর্তমানে সব স্বাভাবিক রয়েছে। 

ইত্তেফাক/এপি