পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা নবায়ন করেছে গতকাল। তালিকায় নেই অভিজ্ঞ দুই ক্রিকেটার মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিক।
বাবর আজম, সরফরাজ আহমেদ ও ইয়াসির শাহ আছেন ‘এ’ ক্যাটাগরি। এর অর্থ হলো আপাতত অধিনায়কত্ব হারানোর শঙ্কা কিছুটা হলেও কমল সরফরাজের। এই চুক্তি শুধু ২০১৯-২০ মৌসুমের জন্য কার্যকর হবে। এই সময়ে সঙ্গে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ সিরিজ, অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ সিরিজ এবং বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ সিরিজ খেলবে পাকিস্তান দল।
এর আগের মৌসুমে পিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার ছিলেন ৩৩ জন। সেখান থেকে সংখ্যাটা কমিয়ে ১৯-এ নামিয়ে আনা হয়েছে। ক্যাটাগরির সংখ্যাও পাঁচ থেকে তিনে নামিয়ে আনা হয়েছে। ১৯ জন ক্রিকেটার আছেন তিনটি ক্যাটাগরিতে। বি ও সি ক্যাটাগরিতে আট জন করে ক্রিকেটার ঠাঁই পেয়েছেন।
হাফিজ ও মালিকের মতো ক্রিকেটাররা চুক্তিতে জায়গা না পেলেও তারা দলে জায়গা পাওয়ার জন্য বিবেচিত হবেন। যদিও, এর জন্য ফিটনেস ধরে রাখতে হবে বলেও কড়া হুঁশিয়ারি জানিয়েছে পিসিবি।
পিসিবির ব্যবস্থাপনা পরিচালক ওয়াসিম খান জানিয়েছেন, চুক্তিতে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিকও আগের চেয়ে বেড়েছে। তিনি বলেন, ‘যারা পিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকায় জায়গা পেয়েছেন তাদের অভিনন্দন। আমরা আগের মৌসুমের থেকে এবার সবগুলো ক্যাটাগরিতেই পারিশ্রমিকের পরিমাণ বাড়িয়েছি। এই চুক্তি ২০২১ সালের আগ পর্যন্ত বহাল থাকবে।’
খেলোয়াড়দের ওপর আস্থা রেখে ওয়াসিম খান আরো বলেন, ‘আমরা দলের জন্য উঁচুমানের একটা লক্ষ্য নির্ধারণ করছি। আগামী মৌসুমকে সামনে রেখে আমরা নতুন পরিকল্পনটাও হাতে নিয়েছি। সেজন্য চুক্তিতে থাকা ক্রিকেটারদের আর্থিক দিকটাও আগের চেয়ে ভালো রাখার চেষ্টা করেছি। খেলোয়াড়দের প্রতি আমাদের বিশ্বাস আছে। আশা করি তারা মাঠের খেলা নিয়ে আমাদের লক্ষ্য অর্জনে সাহায্য করবে।’
