লম্বা ইনিংস চান হোল্ডার

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ২১:১৩

বিশ্বকাপে ১০ দলের ভেতর ৯ম স্থানে থেকে শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। যদিও তারা বেশ কিছু ম্যাচ জিততে জিততে হেরেছে বলে তাদের আফসোস থেকে যাওয়ার কথা। বিশ্বকাপ শেষে ভারতের বিপক্ষে গতকালই নতুন করে ওয়ানডে অভিযান শুরু করেছে দলটি। তার আগে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার বলছিলেন, তাদের ব্যাটসম্যানদের শুরুটা পেলে সেটা কাজে লাগাতে পারতে হবে।

ভালো শুরু করার পর মাঝারি ইনিংস খেলে আউট হয়ে যাওয়াটা দলের একটা বড়ো সমস্যা বলে উল্লেখ করেছেন ক্যারিবিয় অধিনায়ক হোল্ডার। তিনি বলছিলেন, ‘আমাদের সম্প্রতি এমন বেশ কিছু উদাহরণ আছে, যেখানে আমরা শুরুটা পেয়েছি। কিন্তু ব্যক্তিগত ব্যাটসম্যান হিসেবে আমরা সেই ইনিংসটা লম্বা করতে পারিনি। ফলে আমাদের এ জায়গাটা চিহ্নিত করতে হবে এবং এটা সামলে নিজেদের খুব ভালো একটা অবস্থায় নিয়ে যেতে হবে।’

বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ নিজেদের মাটিতে ইংল্যান্ডে খুব ভালো ক্রিকেট খেলেছিল। বিশেষত তাদের বোলাররা খুব ভালো করেছিল। বিশ্বকাপে দলে ফিরে এসেছিলেন নামকরা সব ব্যাটসম্যানরা। কিন্তু ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংটাও ভুগিয়েছিল দলকে।

হোল্ডার বলছিলেন, বোলারদের বল হাতে, বিশেষ করে নতুন বলে আরো ভালো করতে হবে, ‘আমার মনে হয়, এটা স্রেফ নতুন বলে আরো শৃঙ্খলাপূর্ণ থাকার ব্যাপার। নতুন বলে উইকেট নিতে হবে। আর মাঝের ওভারগুলোতে মনোযোগ ধরে রাখতে হবে। ওখান থেকেই খেলাটা নিজের করে নিতে হবে।’

ইংল্যান্ডের বিপক্ষে ম্যান অব দ্য সিরিজ ছিলেন ক্রিস গেইল। সম্ভবত ভারতের বিপক্ষে তিনি তার ক্যারিয়ারের শেষ সিরিজটা খেলছেন। এ অভিজ্ঞ জ্যামাইকান ব্যাটসম্যানের বিশ্বকাপের পরই অবসর নেওয়ার কথা ছিল। কিন্তু তিনি ভারতের বিপক্ষে সিরিজটাও খেলতে চান।  গেইলের উপস্থিতি সম্পর্কে হোল্ডার বলছিলেন, ‘সে যখনই মাঠে নামে বা ড্রেসিংরুমে পা রাখে, তখনই তার উপস্থিতিটা আলাদা করে চোখে পড়ে।’