ছোটদের সাফ চ্যাম্পিয়নশিপে কঠিন গ্রুপে পড়লেও চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই নেপাল যাবে বাংলাদেশ দল। ২০ থেকে ২৯ সেপ্টেম্বর কাঠমান্ডুর আর্মড পুলিশ ফোর্স মাঠে অনুষ্ঠিত হবে আসরটি।
বাংলাদেশসহ সাতটি দেশ দুই গ্রুপে অংশ নিবে। এ গ্রুপে আছে নেপাল, মালদ্বীপ, ভুটান ও পাকিস্তান। অপরদিকে বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও শ্রীলঙ্কা।
সাফের এই আসরে বর্তমান চ্যাম্পিয়ন নেপাল এবং রানার্সআপ বাংলাদেশ। বাংলাদেশের দল গঠন নিয়ে এবার আর কোনো ঝামেলা নেই। কারণ বাফুফের ফুটবল একাডেমিতে বর্তমানে প্রশিক্ষণ নিচ্ছে বয়স ভিত্তিক ফুটবল দল। প্রশিক্ষণ দিচ্ছেন কোচ এন্ডি টার্নার।
ইংলিশ এই কোচ গতকাল ঢাকায় অনুষ্ঠিত সাফের ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কাল দুপুরে প্রচণ্ড ঝড় বৃষ্টি মাথায় নিয়ে রাজধানীর বেরাইদের একাডেমি থেকে বাফুফে ভবনে এসেছিলেন তিনি। ড্র অনুষ্ঠানে প্রতিপক্ষ কারা জানার পর বাংলাদেশের বয়স ভিত্তিক দলের কোচ তার মতামত জানান।
কোচ টার্নার বলেন, ‘আমি এসেছিলাম ড্র অনুষ্ঠান দেখতে কারা আমাদের প্রতিপক্ষ হচ্ছে। তাহলে আমরা সেভাবে প্রস্তুতির জন্য ছক তৈরি করতে পারব। আসলে এই টুর্নামেন্ট বয়স ভিত্তিক ফুটবলারদের এগিয়ে নিয়ে যাওয়ার একটা ভালো প্ল্যাটফরম। আমরা এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছি। খুব কঠিন কাজ আমরা করছি এগিয়ে যাওয়ার জন্য। আশাকরি নেপালে হতে যাওয়া এই সাফ আমাদের প্রস্তুতি মেলে ধরার একটা বড় মঞ্চ হতে পারে।’
সাফের গ্রুপিং নিয়ে জানতে চাইলে ইংলিশ কোচ জানান, তিনি ভারত ও শ্রীলঙ্কাকে শক্তিশালী মনে করছেন। টার্নার বলেন, ‘খুব কঠিন গ্রুপে পড়েছি আমরা। আমরা আমাদের প্রতিপক্ষকে সমীহ করি। প্রত্যেকটা ম্যাচই আমাদের কাছে কঠিন ম্যাচ হবে বলে মনে করছি। ম্যাচগুলো জিততে আমাদের কঠিন পরিশ্রম করতে হবে। আমরা আশাকরি ভালো খেলব।’
ভুটানে ২০১৭ সালে সাফের এই আসরে ভারতকে উদ্বোধনী লড়াইয়ে পেয়েছিল বাংলাদেশ। তিন গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ চার গোল করে ম্যাচ জিতেছিল খেলাটিতে। ভারত এবং বাংলাদেশের ফুটবল লড়াইয়ের যে কোনো পর্যায়ে বাংলাদেশের বড় জয় ছিল এটি। আবার ভারতকে প্রতিপক্ষ পেয়েছে বাংলাদেশ।
২১ সেপ্টেম্বর বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। বিকাল সাড়ে ৩টায় খেলা শুরু। ২৫ সেপ্টেম্বর বাংলাদেশের দ্বিতীয় এবং শেষ ম্যাচ ভারতের বিপক্ষে। বিকাল সাড়ে ৩টায় শুরু হবে।
একসময় এই সাফ ছিল অনূর্ধ্ব-১৯ ফুটবল দলগুলোর জন্য। এএফসির খেলার কারণে এটি অনূর্ধ্ব-১৮ বয়সিদের জন্য নির্ধারণ করা হয়েছে। বাফুফের একাডেমির কোচ বললেন, ‘আমাদের কাছে একাডেমিতে অনূর্ধ্ব-১৮ বয়সের ৩১ জন ফুটবলার রয়েছে। যেখানে অনূর্ধ্ব-১৫ দলও রয়েছে একাডেমিতে।
