আগামী ১৬ থেকে ২৫ সেপ্টেম্বর থাইল্যান্ডের সমুদ্রশহর পাতায়ায় বসতে যাচ্ছে ২৮তম ওয়ার্ল্ড ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপের আসর। বাংলাদেশ থেকে তিন ভারোত্তোলকের নাম পাঠানো হয়েছে। ভারোত্তোলন ফেডারেশন তিন জনের নামই এন্ট্রি করেছেন এই চ্যাম্পিয়নশিপের জন্য। মাবিয়া আক্তার সীমান্ত, শেখ নাইমুল ইসলাম এবং স্মৃতি আক্তার।
দেশসেরা নারী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত আগেও এই আসরে খেলেছেন। গত বছর নভেম্বরে তুর্কমিনিস্তানে হওয়া ওয়ার্ল্ড ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে যোগ্যতা অর্জন করেই খেলেছিলেন। এবার মাবিয়া ছাড়াও কোয়ালিফাই করে খেলার সুযোগ করে নেওয়া দুই ভারোত্তোলক নাইমুল ও স্মৃতি। তিন জনই এখন এসএ গেমস প্রশিক্ষণে থাকা ২২ ভারোত্তোলকের মধ্যে রয়েছে।
