যুবাদের ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ২১:১৬

ইংল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলা আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথম পর্বে বাংলাদেশের শেষ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। গত বুধবার রাতে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের যুবাদের ম্যাচটি বৃষ্টিতে পণ্ড হয়।

বুধবার রাতে কেন্টে আগে ব্যাট করে ৪৯.৩ ওভারে ২৪৪ রানে অলআউট হয়েছিল ভারতীয় যুবদল। ১০৮ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল ভারত। পরে অধিনায়ক হেদের হাফ সেঞ্চুরিতে লড়াইয়ের পুঁজি পায় দলটি। হেদে ৬৯, সামীর রিভভী ৪৪, সাক্সেনা ৩৭, কারান লাল ২৫ রান করেন। বাংলাদেশের শরীফুল, অভিষেক দাস ও শামীম হোসেন তিনটি করে উইকেট নেন। পরে ২৪৫ রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশের যুবারা ৫.৫ ওভারে ২ উইকেটে ১৯ রান তুলতেই বৃষ্টি নামে। শেষ পর্যন্ত খেলা আর মাঠে গড়ায়নি। ম্যাচটি পরিত্যক্ত হয়। ব্রাইটনে আগামী ১১ আগস্ট ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ভারতের বিরুদ্ধে লড়বে বাংলাদেশ যুব দল।