ঈদে নদী পথে ঘরমুখো মানুষকে ডেঙ্গুমুক্ত করতে গতকাল নৌ পুলিশ নিজ উদ্যোগে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় ফগার মেশিন দিয়ে ওষুধ ছিটিয়েছে। নৌ পুলিশের প্রধান ডিআইজি আতিকুল ইসলাম জানিয়েছেন, এই উদ্যোগ ঈদের আগের দিন পর্যন্ত অব্যাহত থাকবে। নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভীন জানান, ঈদ উপলক্ষ্যে নৌ পথে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মশা ও ডেঙ্গুমুক্ত করতে সদরঘাট লঞ্চ টার্মিনাল নৌ পুলিশের সদস্যগণ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে। এডিস মশা নিধন ও বংশ বিস্তার রোধের জন্য ফগার মেশিন দিয়ে লঞ্চ টার্মিনালসহ লঞ্চের ভেতর ও আশপাশ এলাকায় ওষুধ স্প্রে করা হচ্ছে।
