কড়িকান্দি বাজারে যত্রতত্র ময়লা-আবর্জনার স্তূপ

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ২১:৩৯

তিতাসের সদর কড়িকান্দি বাজারে দীর্ঘদিন উন্নয়নমূলক কাজ না হওয়ায় অব্যবস্থাপনা আর অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলায় বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। এছাড়া দুর্গন্ধসহ বিভিন্ন পোকামাড়ক ও এডিস মশার সৃষ্টি হচ্ছে। 

কড়িকান্দি বাজার ঘুরে দেখা গেছে, গৌরীপুর-হোমনা সড়কের উভয় পাশে মূল রাস্তার পিচ উঠে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। একটু বৃষ্টি হলেই একলারামপুর-মজিদপুর সড়কের ওপর পানি জমে থাকে। পূর্ব দিকের মূল বাজারের ভেতর মাছ বিক্রির স্থানটির অবস্থা খুবই নাজুক। প্রায় সাত বছর আগে উপজেলা পরিষদের আওতায় মাছ বাজারে তিনটি উঁচু প্লট তৈরি করা হলেও পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই। ওপরে শেড না থাকায় বৃষ্টিতে ভিজে বা প্রচণ্ড রোদের মধ্যে মত্স্যজীবীদের মাছ বিক্রি করতে হচ্ছে। কড়িকান্দি বাজারের রাজাপুর সড়ক অংশের রাস্তার একপাশে ড্রেন থাকলেও রক্ষণাবেক্ষণের অভাবে আবর্জনায় ভরাট হয়ে গেছে। চাল বাজার খ্যাত বাজারের উত্তর অংশের একটি গলিতে যত্রতত্র আবর্জনা ফেলায় অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। বন্ধ হয়ে গেছে ঐ গলির প্রতিটি দোকান। ময়লা-আবর্জনা ফেলার নির্দিষ্ট কোনো স্থান না থাকায় পুরাতন চাল বাজারের গলি, ইভা কিন্ডার গার্টেনের সড়ক, দুধ বাজারের পাশে, ভিআইপি মার্কেটে, আওয়ামী লীগের অফিস সংলগ্ন ও নয়াকান্দি সিএনজি স্টেশনের পাশে যত্রতত্র আবর্জনা ফেলা হচ্ছে।

কড়িকান্দি বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, বিগত সাত/আট বছর যাবত্ বাজারটিতে কোনো উন্নয়নমূলক কাজ হচ্ছে না। পানি নিষ্কাশনের একটি ড্রেন থাকলেও এটি বর্তমানে বন্ধ। গত তিন বছরের মধ্যে শুধু সরকারি অনুদানে পাঁচটি সোলার লাইট স্থাপন করা হয়েছে। ব্যবসায়ীরা বাজারটি একটি আধুনিক বাজারে রূপান্তরের জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন।

কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মো. মহসীন ভুঁইয়া জানান, বাজারটির বিভিন্ন সমস্যা উপজেলা পরিষদের উন্নয়ন সভায় উপস্থাপন করা হয়েছে। শিগিগরই বাজারটি সিসি ক্যামেরার আওতাভুক্ত হবে।