ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

আপডেট : ০৮ মে ২০২৬, ১৫:২৬

ইন্দোনেশিয়ার মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জন পর্বতারোহী নিখোঁজ রয়েছেন। তাদের খুঁজে বের করতে অভিযান চালাচ্ছে দেশটির কর্তৃপক্ষ।

ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি ও ভূতাত্ত্বিক ঝুঁকি প্রশমন কেন্দ্র জানিয়েছে, শুক্রবার (৮ মে) স্থানীয় সময় সকাল ৭টা ৪১ মিনিটে আগ্নেয়গিরিটিতে অগ্ন্যুৎপাত শুরু হয়। এতে প্রায় ১০ কিলোমিটার উঁচু পর্যন্ত ছাইয়ের বিশাল কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের সময় প্রবল গর্জনধ্বনিও শোনা যায়।

স্থানীয় উদ্ধার সংস্থার প্রধান ইওয়ান রামদানি বলেন, নিখোঁজদের উদ্ধারে পুলিশসহ কয়েক ডজন উদ্ধারকর্মী কাজ করছেন। নিখোঁজদের মধ্যে নয়জন সিঙ্গাপুরের নাগরিক রয়েছেন।

উত্তর হালমাহেরার পুলিশ প্রধান এরলিখসন পাসারিবু জানান, নিহত তিনজনের মধ্যে দুজন বিদেশি নাগরিক।

বিজ্ঞানীরা আগ্নেয়গিরিটির অস্বাভাবিক তৎপরতা শনাক্ত করার পর গত ১৭ এপ্রিল থেকেই এলাকাটি পর্যটকদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।

কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের আগ্নেয়গিরির সক্রিয় কেন্দ্র মালুপাং ওয়ারিরাং ক্রেটার থেকে অন্তত ৪ কিলোমিটার দূরে থাকার নির্দেশ দিয়েছে।

সরকারি আগ্নেয়গিরি সংস্থা জানিয়েছে, ছাইয়ের মেঘ উত্তর দিকে ছড়িয়ে পড়ছে। এতে তোবেলো শহরের বাসিন্দাদের আগ্নেয় ছাইয়ের বৃষ্টির বিষয়ে সতর্ক করা হয়েছে।

এ ছাড়া আগ্নেয়গিরি থেকে ছিটকে পড়া পাথর ও লাভার প্রবাহের ঝুঁকির কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত মাউন্ট ডুকোনোতে মার্চ মাস থেকে এখন পর্যন্ত প্রায় ২০০ বার অগ্ন্যুৎপাত হয়েছে।

সূত্র: আল-জাজিরা

ইত্তেফাক/এমএএম