সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পৃথক পৃথক নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল সচেতনতামূলক লিফলেট বিতরণ, সাইকেল র্যালি, মশা নিরোধক ওষুধ (ক্রিম) বিতরণ ও আলোচনা সভা। সাতক্ষীরার জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল ও পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বুধবার সকালে শহরের আব্দুর রাজ্জাক পার্কে লিফলেট বিতরণ শেষে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেটের সামনে গিয়ে শেষ হয়। এরপর সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস মাঠ চত্বরে সাংবাদিক ও পুলিশ সদস্যদের মাঝে মশা নিরোধক ওষুধ (ক্রিম) বিতরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
