চুরির অপবাদে মাদ্রাসাছাত্রীকে মারধর, পরে মিললো ঝুলন্ত মরদেহ

আপডেট : ০৮ মে ২০২৬, ২১:২৯

পাবনার চাটমোহরে চুরির অভিযোগে মারধরের পর লজ্জায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে এক মাদ্রাসাছাত্রী। শুক্রবার (৮ মে) বিকেল ৪টার দিকে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের চিনাভাতকুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই মাদ্রাসাছাত্রীর নাম শ্রাবন্তি খাতুন ওরফে বিরতি (১৩)। সে ওই গ্রামের আলতাব হোসনে মোল্লার মেয়ে এবং চিনাভাতকুর ওয়ারেছিয়া দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। 

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, শুক্রবার বিকেলে শ্রাবন্তি প্রতিবেশি আ. হান্নানের বাড়িতে যায়। এক পর্যায়ে আ. হান্নান ও তার পরিবারের সদস্যরা তার বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ তুলে তাকে মারধর করে বেঁধে রাখে। মেয়ে চিৎকারে তার মা গিয়ে তাকে বাড়ি নিয়ে আসে। এ সময় আ. হান্নান গং শ্রাবন্তির মাকেও গালমন্দ করে। 

পরে শ্রাবন্তিকে মা তাকে বাড়িতে রেখে কাজের জন্য বাইরে গেলে সে নিজ শোবার ঘরের সিলিংয়ের থাকা রডের (এ্যাংগেল) সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে। পরে শ্রাবন্তির মাসহ অন্যরা এসে তার ঝুলন্ত মরদেহ নিচে নামায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

চাটমোহর থানার ইন্সপেক্টর (তদন্ত) নয়ন কুমার সরকার জানান, চুরির অপবাদে মেয়েটিকে মারধর করে বেঁধে রাখা হয়। এরপর নিজ ঘরে গলায় ফাঁস নেয়। খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শ্রাবন্তির বাবা আলতাব হোসেন ৪ জনের নাম উল্লেখ্য করে থানায় মামলা দায়ের করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।   

 

ইত্তেফাক/এমএসআর