চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন পশুর হাটে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের তত্ত্বাবধানে ভেটেরিনারি মেডিক্যাল টিম থাকবে। ৩ থেকে ১১ সদস্যের ৭১টি টিম পশুর প্রাথমিক চিকিত্সা দেবে। এছাড়া ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে নগরীর খুলশীতে জেলা প্রাণিসম্পদ কার্যালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হবে (০১৮৫৯২৫৫১৫১, ০১৭২০৮৮২২৮২)।
গত বুধবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ রেয়াজুল হক। তিনি জানান, অসাধু খামারিরা যাতে রোগা ও অসুস্থ পশু বিক্রি করে ক্রেতাকে ঠকাতে না পারে সেদিকে নজর রাখবে ভেটেরিনারি টিম। এছাড়া পশুর পরিবহনজনিত পানিস্বল্পতা, জ্বর, ব্যথা, ট্রমাটিক ইনজুরি, সাধারণ ক্ষুধামন্দা ইত্যাদির চিকিত্সা ও পরামর্শ দেবে এ টিম। সংবাদ সম্মেলনে বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয়ের উপপরিচালক ডা. মো. ফরহাদ হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
