মণিরামপুর উপজেলার দেবীদাসপুর গ্রামে বৃহস্পতিবার ছোটো ভাইয়ের দায়ের কোপে বড়ো ভাই নিহত হয়েছে। কথা কাটাকাটির এক পর্যায়ে ছোটো ভাই মাহফুজার (৪০) বড়ো ভাই মকবুল হোসেনকে (৫৫) উপর্যুপরি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। মকবুল ও মাহফুজার দেবীদাসপুর গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল আটটায় বাড়ির সম্মুখে দোকানের পাশে বড়ো ভাই মকবুল হোসেনের সঙ্গে জমিজমা সংক্রান্ত বিষয়ে কথা কাটাকাটি হয় মাহফুজারের। একপর্যায় ছোটো ভাই মাহফুজার উত্তেজিত হয়ে বাড়ি থেকে ধারালো দা নিয়ে এসে বড়ো ভাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে মোটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। আহত মকবুলকে প্রতিবেশীরা উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষনা করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মণিরামপুর থানায় মামলার প্রস্তুতি চলছিল। ময়না তদন্তের জন্য পুলিশ লাশ মর্গে পাঠিয়েছে। মণিরামপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন।
