বড়াইগ্রামে মসজিদের দেওয়াল ধসে শিশুর মৃত্যু

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ২১:৪৯

বড়াইগ্রামে বুধবার সন্ধ্যায় নবনির্মিত মসজিদের দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম বৃষ্টি খাতুন হিমু (৭)। এ সময় আহত হয়েছে আরো দুই জন। হিমু উপজেলার কুমারখালী গ্রামের হাফিজুল ইসলাম হাব্বুল্লার মেয়ে।

নগর ইউপি চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন জানান, হিমুসহ অপর দুই শিশু কুমারখালী মধ্যপাড়া জামে মসজিদের পাশে বসে খেলা করছিল। এ সময় মাস দুয়েক আগে নির্মিত মসজিদের দেয়াল আকস্মিকভাবে শিশুদের ওপর ধসে পড়ে। এতে তিন শিশুই গুরুতর আহত হলে তাদেরকে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে হিমু খাতুনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

ডাকাতদের অস্ত্রের আঘাতে গৃহকর্তাসহ আহত তিন

বড়াইগ্রামে বুধবার গভীর রাতে দরজা ভেঙে ঘুরে ঢুকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাধা দেওয়ায় গৃহকর্তা, তার স্ত্রী ও এক ছেলেকে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় ডাকাতরা সাড়ে সাত ভরি স্বর্ণ ও নগদ ২৫হাজার টাকা লুট করে নিয়ে গেছে। থানার ওসি দিলীপ কুমার দাস ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দুর্ঘটনাকবলিত ট্রাক থেকে ৬৬৭ বস্তা ভিজিএফের চাল জব্দ

বড়াইগ্রামে বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাকবলিত একটি ট্রাক থেকে ঈদ উপলক্ষ্যে ভিজিএফ কর্মসূচির প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তার ৬৬৭ বস্তা চাল জব্দ করা হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক মাহফুজুর রহমান জানান, এ ব্যাপারে তদন্ত চলছে। চালগুলো পাচার করা হচ্ছিল কি না সে ব্যাপারে যাচাই বাছাই শেষে ব্যবস্থা নেওয়া হবে।