কাশ্মীরের সুন্দর সুন্দর লোকেশনে ভারতীয় ও বিদেশি সিনেমার শুটিং হবে বলে জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এজন্য কেরালা ও তামিল সিনেমা ইন্ডাস্ট্রিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাতে কাশ্মীর ইস্যুতে জাতির উদ্দেশে ভাষণে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনি বলেন, সংবিধানের ৩৭০ ধারায় জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল এক ঐতিহাসিক সিদ্ধান্ত। এর ফলে সমগ্র উপত্যকার মানুষ দীর্ঘ বঞ্চনার হাত থেকে অবশেষে মুক্তি পাবেন।
৩৭০ ধারা বাতিল নিয়ে নানান বিতর্কে পানি ঢালতে জাতির উদ্দেশে ভাষণে সরকারি পদক্ষেপের বিস্তারিত ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, জম্মু ও কাশ্মীরে আমাদের ভাই-বোন ও সন্তানদের এতদিন যে প্রভূত ক্ষতি হয়ে চলেছিল, এই পদক্ষেপের জেরে এবার তা দূর হবে।
এদিন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী জানান, 'জম্মু-কাশ্মীর ও লাদাখে বাসিন্দাদের চিন্তা গোটা দেশের চিন্তা। জম্মু-কাশ্মীরে ঈদ পালনে মানুষদের কোনও অসুবিধা যাতে না হয়, তা সরকার নিশ্চিত করছে।'
মোদি বলেন, জম্মু ও কাশ্মীর এবং লাদাখের বাসিন্দাদের জন্য এবার কেন্দ্রীয় প্রকল্পের দরজা খুলে গিয়েছে। তাঁদের কল্যাণে এবার দ্রুত পদক্ষেপ করবে সরকার। অতি দ্রুত সরকারি কর্মী, পুলিশ ও সেনাবাহিনীতে উপত্যকার বাসিন্দাদের নিয়োগ শুরু হবে। কাশ্মীরে পর্যটনক্ষেত্র তৈরি হবে। ভারতীয়র পাশাপাশি বিদেশি ছবির শ্যুটিং হবে জম্মু ও কাশ্মীর এবং লাদাখে।
আরও পড়ুনঃ বিক্ষোভে উত্তাল কাশ্মীর উপত্যকা, হতাহত ৭
তিনি বলেন, দেশের সকল নাগরিকের অধিকার সমান। লাদাখ ও জম্মু ও কাশ্মীরবাসীর অধিকারও সমান। কিন্তু এতদিন তা থেকে বঞ্চিত হয়েছেন জম্মু ও কাশ্মীর এবং লাদাখবাসী। তাঁর দাবি, এতদিন সন্ত্রাসের আতুরঘর ছিল জম্মু ও কাশ্মীর। পরিসংখ্যান দিয়ে তিনি জানান, গত ৩০ বছরে ৪২,০০০ নির্দোষ মানুষ সন্ত্রাসের বলি হয়েছেন। নমোর মতে, একই সঙ্গে দু'টি ধারা জারি থাকায় উপত্যকায় সন্ত্রাস বেড়েছে।
ইত্তেফাক/টিএস
