ঈদে ঘরমুখো মানুষের ডেঙ্গু সচেতনতার জন্য কুমিল্লা জেলার বিভিন্ন বাস স্টেশন ও রেল স্টেশনসহ ৫৮ স্থানে থাকছে সার্ভিস হেল্প ডেস্ক। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশ এবং কুমিল্লা মহানগর ও জেলার বিভিন্ন উপজেলার ছোটো-বড়ো ৫০টি বাস স্টেশন এবং ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লা অংশের ৮টি রেল স্টেশনে ডেঙ্গু সচেতনতামূলক হেল্প ডেস্ক স্থাপন করা হবে।
হেল্প ডেস্কগুলো থেকে ডেঙ্গু সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হবে। জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর এবং জেলা সিভিল সার্জন ডা. মো. মজিবুর রহমান এ তথ্য জানিয়েছেন। তারা বলেন, এ মুহূর্তে সব শ্রেণিপেশার মানুষের সচেতনতাই পারে ডেঙ্গুর ভয়াবহতা থেকে রক্ষা করতে। এমন সচেতনতা বৃদ্ধির জন্য অতিরিক্ত জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত আছে। এরই মধ্যে কুমিল্লা কেন্দ্রীয় বাস টার্মিনালসহ বিভিন্ন স্থানে হেল্প ডেস্ক চালু করা হয়েছে।
