এখনো ঢাকা টেস্ট জেতা সম্ভব: আশরাফুল

আপডেট : ১২ মে ২০২৬, ০৮:২৮

চতুর্থ দিন শেষে তিন উইকেট হারিয়ে ১৭৮ রানের লিড নিয়ে দিন শেষে করেছে স্বাগতিকরা। আজ মাঠে গড়াবে পঞ্চম অথবা শেষ দিনের খেলা। দুই দলের মিলিয়ে হাতে আছে এখনো ১৭ উইকেট। এমন পরিসংখ্যানে মনে হতেই পারে, ড্রয়ের দিকে এগোচ্ছে মিরপুর টেস্ট। তবে আজ সবমিলিয়ে যদি সফরকারীদের ২৬০ রানের টার্গেট ছুড়ে দিতে পারে বাংলাদেশ, তাহলে ম্যাচ জয়ের সম্ভাবনা থাকবে বলে মনে করছেন টাইগারদের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। 

গতকাল সংবাদ সম্মেলনে ম্যাচ জয়ের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, '৭৫ ওভার যদি আমরা বোলিং করতে পারি এবং ২৬০ এই ধরনের একটা রান যদি আমরা করতে পারি আমার মনে হয়, ঐ রানে জেতা সম্ভব হবে।'

যদিও ব্যাটিং কোচের মতে, পরিকল্পনা অনুযায়ী ব্যাটিং করতে পারেনি টাইগাররা। বিশেষ করে ওপেনিং জুটি। বলেন, 'দুইটি ইনিংসেই হয়তো বা আমরা যেভাবে আশা করেছি সেটা হয়নি, বাকি ব্যাটম্যানরা যেহেতু অভিজ্ঞ তারা কিন্তু চমৎকারভাবে সামলে নিয়েছেন। আমি আশা করি যে, পরের ম্যাচেই হয়তো বা আমাদের দুই ওপেনার আবার তাদের ফর্মে ফিরে আসবেন ইনশাআল্লাহ।'

মিরপুর টেস্টে ব্যাট হাতে ব্যর্থ ওপেনাররা। দুই ইনিংস মিলিয়ে মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে আসে ১৩ ও সাদমান ইসলামের ব্যাট থেকে এসেছে ২৩ রান। ওপেনারদের নিয়ে আলাদা করে আশরাফুল বলেন, 'শেষ টেস্ট সিরিজে যদি দেখেন যে আমাদের তিনটা ইনিংসে আমাদের ওপেনিং পার্টনারশিপ অসাধারণ ছিল, ১০০ রানের পার্টনারশিপ ছিল। জয় তিন ইনিংসে প্রায় ২৬৫ বা ২৭০ রানের মতো করেছিল। সাদমান তিন ইনিংসে প্রায় ১৯০ রানের বেশি করেছে, দুইটা ৮০ রানের ইনিংস ছিল। এখানে দুইটা ইনিংসে রান হয়নি কারণ আমরা জানি যে, আমরা টস হেরে ব্যাটিং করেছি, অতটা সহজ ছিল না নতুন বলে টিকে থাকা।'

পঞ্চম দিনে স্কোর বোর্ডে রান জমা হলে সফরকারীদের দিয়ে টার্গেট ছুড়ে দিবে বাংলাদেশ। এই বিষয়ে ব্যাটিং কোচ বলেন, 'এখনো আমরা বসিনি কত রানে আমরা ছাড়বো। কিন্তু অবশ্যই আমরা জেতার জন্য খেলছি এবং আমাদের যে বোলিং অ্যাটাক, বিশেষ করে আমাদের স্পিন এবং ফাস্ট বোলিং অ্যাটাক নিয়ে আমরা যদি ৭০-৭৫ ওভার বোলিং করতে পারি। কালকে যদি কোন বৃষ্টি না হয় ৯০-৯৮ ওভার খেলার সুযোগ থাকবে। ৭৫ ওভার বোলিং করতে পারলে আমি মনে করি যে, আমাদের জেতার সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ।'

প্রথম ইনিংসে ওয়ানডে স্টাইলে খেলেছেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক। সেই তুলনায় দ্বিতীয় ইনিংসে কিছুটা ধীরগতির ব্যাটিং করেছেন কি না, তারা। এই বিষয়ে আশরাফুল বলেন, 'স্লো তো খেলে নাই। টেস্ট ক্রিকেট যেভাবে আসলে খেলতে হয় আমি মনে করি যে, আমরাই ঐ ভাবেই খেলছি। যেহেতু বৃষ্টিটা এটা এমন একটা জিনিস যা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নাই। তো আমি বলবো যে, এখনো আমি মনে করি, উইকেট যে সাহায্য আছে, আমরা যদি কালকে সকালে একটু ভালো ব্যাটিং করে এখনো এই ম্যাচ জেতা সম্ভব।'

ইত্তেফাক/জেডএইচ