ঈদের বাঁকা চাঁদের হাসি প্রতিবন্ধীদের মধ্যে ছড়িয়ে দিতে মুক্তির বন্ধন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী দল ময়মনসিংহের নান্দাইল উপজেলার ফুলবাড়িয়া বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে। স্বচ্ছন্দ চিত্তে স্বেচ্ছাসেবীগণ বিদ্যালয়ের ১৮৬ জন সরকারি জরিপকৃত প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে ঈদের নতুন জামা, রঙিন বেলুন, নেইলপলিশ, মেহেদীসহ নানাবিধ মনোমুগ্ধকর উপহার সামগ্রী বিতরণ করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তানভীর হায়দার খান জানান, তার প্রতিষ্ঠানে এমন একটি কর্মসূচি করতে পেরে তিনি খুবই আনন্দিত এবং তিনি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন। দৃষ্টিপ্রতিবন্ধী লিসা দেখতে পায়নি তার উপহার কিন্তু উপহার পেয়ে সেও আনন্দিত চিত্তে সবার মধ্যে মেতে ওঠে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুক্তির বন্ধন ফাউন্ডেশনের অর্থবিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম পলাশসহ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক অনিক কুমার নন্দী, শাহরিয়ার খান ইমন, মাসুম ভুঁইয়া, সোহাগ, সুমন, ঝুমন প্রমুখ।
