চট্টগ্রামে নগর জুড়ে এডিস মশার বিরুদ্ধে ক্রাশ প্রোগ্রাম শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরীর সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে মশক নিধনের কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রম উদ্বোধন করে সিটি মেয়র আ জ ম নাছিরউদ্দিন নগরী থেকে এডিস মশার বীজ উপড়ে ফেলার ঘোষন দেন। মেয়র বলেন, এ নগরে যতদিন পর্যন্ত ডেঙ্গু রোগী থাকবে ততদিন এডিস মশা নিধনে ক্রাশ প্রোগ্রাম চলমান থাকবে। চট্টগ্রাম সিটি করপোরেশন মশা নিধনে যে ওষুধ ছিটাচ্ছে তা শতভাগ কার্যকর। তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনে ৩ হাজার ৬৪৭ জন পরিচ্ছন্নকর্মী ওয়ার্ডজুড়ে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পালনের সঙ্গে সঙ্গে মশা নিধনে সহায়ক শক্তি হিসেবে ভূমিকা রাখবে। ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলররা এ ক্রাশ প্রোগ্রামে তদারকি করবেন। সারা বছরজুড়ে মশা নিধন কার্যক্রম চলবে।
এদিকে এডিস মশা নিধনে চট্টগ্রাম জেলা ও বিভাগীয় প্রশাসন একযোগে ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে। চট্টগ্রাম আদালত পাড়ায় সিটি মেয়র আ জ ম নাছিরউদ্দিন, বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা ও মো. নুরুল আলম নিজামী, জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেনসহ জেলা ও বিভাগীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গতকাল চট্টগ্রাম সিটি করপোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়, মশার আবাসস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে ৩ হাজার ৬৪৭ জন পরিচ্ছন্নকর্মী নিযুক্ত রেখেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। ভারত থেকে আমদানিকৃত ওষুধ ছিটানো হচ্ছে পাড়া ও মহল্লায়।
এডিস মশা নির্মূল না হওয়া পর্যন্ত সিটি করপোরেশনের এ অভিযান চলমান থাকবে। চলমান মশক নিধন অভিযান যথাযথ বাস্তবায়ন, সমন্বয় ও নিবিড় তদারকির মাধ্যমে সফল করার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনের সকল কর্মকর্তা কর্মচারীর সাপ্তাহিক সরকারি ছুটি বাতিল করা হয়েছে।
