দুরারোগ্য রোগে আক্রান্ত নির্মাণ শ্রমিকদের মাঝে চেক বিতরণ করেছে শ্রম মন্ত্রণালয়াধীন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন। ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশের (ইনসাব) তোপখানার কার্যালয়ে মঙ্গলবার সংগঠনের যাত্রাবাড়ী থানার উদ্যোগে আয়োজিত এ চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদ ইসলাম খান। সভাপতিত্ব করেন ইনসাবের সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে ১৪ জন নির্মাণ শ্রমিকের মাঝে ৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ডা. ওয়াজেদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আব্দুর রাজ্জাক বলেন, শ্রম মন্ত্রণালয়, শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পরিচালক ডা. এ এম এম আনিসুল আউয়ালসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা অসহায় শ্রমিকদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ফলে আজ অসহায়, দুরারোগ্য রোগে আক্রান্ত নির্মাণ শ্রমিকরা সরকার থেকে নিয়মিত সহায়তা পেয়ে আসছে।
