পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হলো বিজ্ঞান বক্তৃতা ও সচেতনতামূলক প্রচারাভিযান অনুষ্ঠান। অনুসন্ধিত্সু চক্র বিজ্ঞান সংগঠন পঞ্চগড় বৃহস্পতিবার দিনবাপী এই অনুষ্ঠানের আয়োজন করে।
রাশিয়ায় অধ্যয়নরত পঞ্চগড়ের কৃতী সন্তান শাহ জালাল জোনাক বিজ্ঞান বিষয়ে নানা বক্তৃতা উপস্থাপন করেন। রাশিয়ার বাউম্যান মস্কো স্টেট টেকনিক্যাল ইউনিভার্সিটিতে রকেট কমপ্লেক্সেস এন্ড স্পেস সাইন্স বিভাগে পড়ছেন তিনি। অনুষ্ঠানে জোনাক শিক্ষার্থীদের কাছে তার রকেট কমপ্লেক্সেস এন্ড স্পেস সাইন্স বিষয়ে তার অভিজ্ঞতা, বিজ্ঞানের আশ্চর্য আবিষ্কারসহ নানা বিষয় তুলে ধরেন।
অনুসন্ধিত্সু চক্র বিজ্ঞান সংগঠন পঞ্চগড় জেলা শাখার সভাপতি এ এম গোলামুম মুশফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক নুসরাত জাহান পাপড়ি, বোদা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অনুসন্ধিত্সু চক্র বিজ্ঞান সংগঠনের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে জেলা শহরের বিভিন্ন স্থানে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং কোরবানির বর্জ্য অপসারণে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
