নার্স শাহিনুর ধর্ষণ ও হত্যা মামলায় ৯ জনের বিরুদ্ধে চার্জশিট

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ২২:৪৪

চলন্ত বাসে নার্স শাহিনূর আক্তার তানিয়াকে ধর্ষণ ও হত্যা মামলায় ৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা বাজিতপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সারোয়ার জাহান গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। চার্জশিটভুক্ত আসামিরা হলো—গাজীপুরের কাপাসিয়া উপজেলার সালুয়াটেকি গ্রামের বাস ড্রাইভার মো. নূরুজ্জামান নূরু (৩৯),  বীর উজুলি গ্রামের বাসের হেলপার মো. লালন মিয়া (৩৩), বীর উজুলি গ্রামের মো. বোরহান (৩২), ভেঙ্গুরদি গ্রামের আল আমিন (২৮), লোহাদি গ্রামের মো. রফিকুল ইসলাম রফিক (৩০), কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ভোগপাড়া গ্রামের মো. খোকন মিয়া (৩৮), বাজিতপুর উপজেলার নিলক্ষী গ্রামের মো. বকুল মিয়া ওরফে ল্যাংড়া বকুল (৫০), গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও গ্রামের মো. পারভেজ সরকার পাভেল (৪০) ও একই উপজেলার ঘোড়াদিয়া গ্রামের আল মামুন (৩৬)। এরমধ্যে পলাতক রয়েছে বোরহান, পারভেজ সরকার পাভেল ও স্বর্ণলতা পরিবহনের এমডি আল মামুন। গ্রেফতারকৃতদের মধ্যে আসামি নূরুজ্জামান নূরু, মো. লালন মিয়া ও রফিকুল ইসলাম রফিক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। আসামিদের বিরুদ্ধে সরাসরি ধর্ষণ, ধর্ষণে সহায়তা এবং ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।