কোকাকোলাকে পুঁজিবাজারে আসার পরামর্শ অর্থমন্ত্রীর

আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ২২:৫২

কোকাকোলা বাংলাদেশে আগামী পাঁচ বছরে ২০ কোটি ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছে কোকাকোলার প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার ব্রেইন জন স্মিথ। তিনি বাংলাদেশে বিদ্যমান সম্পূরক শুল্ক ও মূল্যসংযোজন কর হ্রাস করা যায় কি না সে বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে সাক্ষাত্ করে আলোচনা করেন। অর্থমন্ত্রী কোকাকোলাকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করার আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশের পুঁজিবাজারে নিবন্ধনের জন্য পরামর্শ প্রদান করেন। অধিক বিনিয়োগ করা হলে কোকাকোলার সম্পূরক কর হ্রাস করার বিষয়টি বিবেচনা করা হবে বলেও আশ্বস্ত করেন। গতকাল বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে কোকাকোলার প্রেসিডেন্ট সৌজন্য সাক্ষাতে এসব আলোচনা হয়েছে। বৈঠকে অর্থমন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো বিনিয়োগবান্ধব পরিবেশ এবং অত্যন্ত আকর্ষণীয় প্রণোদনা রয়েছে বাংলাদেশে। এই সুযোগ গ্রহণের মাধ্যমে অধিক হারে মুনাফার সুযোগ রয়েছে। দেশকে এগিয়ে নিতে বিদেশি বিনিয়োগ প্রয়োজন। তাই কোকাকোলার উচিত বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ করা। চীন, ভারত এবং এশিয়ার অন্যান্য ক্রমবর্ধমান অর্থনীতির মধ্যে বাংলাদেশ কৌশলগত ভৌগোলিক অবস্থানে রয়েছে। অর্থমন্ত্রী আশা ব্যক্ত করেন, কোকাকোলার ২০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের মাধ্যমে বিশাল জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ হবে।