দুর্নীতির এক মামলায় গ্রেফতার হলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে ও পিএমএল (এন) এর ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ। গতকাল বৃহস্পতিবার কোট লাখপাত জেলে বাবার সঙ্গে দেখা করে ফেরার পথে তাকে গ্রেফতার করে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) হেফাজতে নেওয়া হয়েছে। চৌধুরী সুগার মিলস এর মামলায় মরিয়মের চাচাতো ভাই ইউসুফ আব্বাসকেও গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার মরিয়ম ও ইউসুফকে লাহোরের একটি অ্যাকাউন্টেবিলিটি কোর্টে হাজির করে রিমান্ড চাওয়া হবে। এনএবি চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী ডাক্তারদের একটি টিম তাদের স্বাস্থ্য পরীক্ষা করবেন। এনএবির এক প্রেস বিজ্ঞপ্তিকে উদ্ধৃত করে পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে এই তথ্য জানানো হয়েছে।
গত বছরের ডিসেম্বরে আল আজিজিয়া দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। বর্তমানে কোট লাখপাত জেলে আছেন তিনি। চৌধুরী সুগার মিলস দুর্নীতি মামলায় গতকাল বৃহস্পতিবার নওয়াজ-কন্যা মরিয়মের এনএবি-তে হাজিরা দেওয়ার কথা ছিল। তিনি হাজিরা না দিয়ে বাবা নওয়াজের সঙ্গে দেখা করতে কোট লাখপাত জেলে যান। সেখান থেকে ফেরার পথে তাকে গ্রেফতার করা হয়। পিএমএল-এন সূত্রকে উদ্ধৃত করে খবরে বলা হয়েছে, এনএবি’র সামনে হাজির না হওয়ায় ইস্যুকৃত গ্রেফতারি পরোয়ানা দেখিয়ে মরিয়মকে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে।
গত ৩১ জুলাই চৌধুরী সুগার মিলস মামলায় জবানবন্দি দিতে এনএবিতে হাজির হয়েছিলেন মরিয়ম। কোম্পানিটিতে সন্দেহমূলকভাবে কোটি কোটি রুপি লেনদেনের অভিযোগে মানি লন্ডারিংবিরোধী আইনের আওতায় মামলা হয়েছে। ২০১৮ সালের অক্টোবরে এনএবি’র তদন্ত শুরু হওয়ার পর জানা যায়, কয়েক জন বিদেশির পাশাপাশি নওয়াজ শরিফ, মরিয়ম নওয়াজ, শাহবাজ শরিফ ও প্রয়াত আব্বাস শরিফের পরিবার এ সুগার মিলের অংশীদার। ৮ আগস্ট মরিয়মকে আবারো তলব করেছিল এনএবি। তখন তাকে চৌধুরী সুগার মিলস-এর অংশীদারিত্ব ও বিদেশিদের সঙ্গে আর্থিক সম্পর্ক নিয়ে বিস্তারিত তথ্য দিতে বলা হয়েছিল। তাকে গ্রেফতারের ঘটনায় পিএমএল-এন নেতারা এবং সমর্থকরা জাতীয় পরিষদের বাইরে বিক্ষোভ করেন।
