ভুট্টক্ষেতে মিললো ৪ বছরের লামিয়ার মরদেহ, কিশোর গ্রেপ্তার

আপডেট : ১৪ মে ২০২৬, ১৮:০৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর লামিয়া আক্তার নামে চার বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একই গ্রামের এক কিশোরকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৮টার দিকে উপজেলার ধর্মগড় ইউনিয়নের আনসারডাঙ্গী গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত লামিয়া ওই গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।

রাণীশংকৈল থানার ওসি আমানুল্লাহ আল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সকাল ১১টার দিকে লামিয়া বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে সে সেখান থেকে নিখোঁজ হয়। নিখোঁজের পর মেয়েটির পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। এমন কি লামিয়ার সন্ধান চেয়ে এলাকায় মাইকিং করা হয়। তাতেও ওইদিন তার কোনো সন্ধান পাওয়া যায় নি। পরদিন সকালে গ্রামবাসী গ্রামের পাশে একটি ভুট্টাক্ষেতে লামিয়ার মরদেহ দেখতে পায়। থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে ভুট্টাক্ষেত থেকে লামিয়ার মরদেহ উদ্ধার করে।

পরে স্থানীয় এলাকাবাসী অভিযুক্ত কিশোরকে তার বাড়িতে আটকে রাখে।

ওসি আমানুল্লাহ আল বারী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। আটক কিশোরের স্বীকারোক্তি অনুসারে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এনিয়ে নিহতের বাবা থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/এপি