‘কৃষক জাতির মেরুদণ্ড’। ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’।- এসব স্লোগানকে সামনে রেখে কৃষকদের জ্ঞান ও কারিগরি সক্ষমতা বাড়াতে ঢাকার ধামরাইয়ের সূতিপাড়ায় গড়ে উঠেছে অত্যাধুনিক ফারমার্স ট্রেনিং সেন্টার যা এলাকায় বহুল পরিচিত ‘এফটিসি’ নামে। সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআই এবং জাপান দূতাবাসের যৌথ অর্থায়নে অত্যাধুনিক এ প্রশিক্ষণ কেন্দ্রটি গড়ে উঠেছে তিন বছর আগে। শীতাতপ নিয়ন্ত্রিত এ প্রশিক্ষণ কেন্দ্রের সর্বত্রই আধুনিকতার ছোঁয়া। প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকদের জন্য রয়েছে উন্নতমানের আবাসিক ব্যবস্থা এবং বড়ো ডাইনিং। রয়েছে দুইটি বড়ো বড়ো ডিজিটাল হল রুম ও উন্নত পাঠাগার। সিসি ক্যামেরা ছাড়াও রয়েছে ২৪ ঘণ্টা নিরাপত্তা প্রহরী। আরো রয়েছে বৃহত্ ক্যাম্পাস এবং হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণের জন্য রয়েছে বিভিন্ন ধরনের ডামি খামার। বিভিন্ন এলাকা থেকে কৃষকরা এসে নানা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণও করছেন এ এফটিসি থেকে। এছাড়া এখানে উন্নয়ন কর্মীদের কৃষিজ, মানবিক ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ গ্রহণের ব্যবস্থা রয়েছে। ২০১৮-১৯ সালে এখান থেকে ৮৮৬ জন পুরুষ ও ৩৬০ জন নারীকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
