শিশুবান্ধব স্থানীয় সুশাসন প্রকল্পের মাধ্যমে অধিকার আদায়ে সোচ্চার হবে শিশুরা

আপডেট : ১০ নভেম্বর ২০১৮, ২৩:০১

দৈনিক ইত্তেফাক সম্পাদক ও বেসরকারি সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স’র চেয়ারপারসন তাসমিমা হোসেন বলেছেন, ব্রেকিং দ্য সাইলেন্স ‘স্বপ্ন’ প্রকল্পের মাধ্যমে যৌথভাবে ‘শিশুবান্ধব স্থানীয় সুশাসন’ প্রকল্প বাস্তবায়ন করবে। যার মাধ্যমে এই অঞ্চলের শিশুরা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। শিশুরা তাদের অধিকার আদায়ে নিজেরা সোচ্চার হবে। এক্ষেত্রে কুড়িগ্রামের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও সুশীল সমাজ সকলকে এগিয়ে আসতে হবে। স্থানীয় সরকারের তৃণমূলে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে শিশু ও স্থানীয় জনগণের সম্পৃক্ততার মাধ্যমে শিশু অধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। শিশু কেন্দ্রিক নীতিমালা প্রণয়ন ও সামাজিক ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে শিশু ও কিশোর-কিশোরীদের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করতে হবে।

গতকাল শনিবার দুপুরে কুড়িগ্রামে ‘শিশুবান্ধব স্থানীয় সুশাসন’ প্রকল্পের সম্প্রসারণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অংশীদারিত্বের ভিত্তিতে ‘স্বপ্ন’ প্রকল্প এলাকায় এই ‘শিশুবান্ধব স্থানীয় সুশাসন’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। কুড়িগ্রাম জেলা প্রশাসন, স্থানীয় সরকার বিভাগ ও ব্রেকিং দ্য সাইলেন্স এর উদ্যোগে তৃণমূল পর্যায়ে শিশু-কিশোর-কিশোরীদের সুরক্ষায় প্রকল্পের কার্যক্রম এগিয়ে যাচ্ছে।

তাসমিমা হোসেন আরো বলেন, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে। এই শিশুদের নিজেদের জানা, তাদের শারীরিকভাবে বেড়ে ওঠার বিষয়ে জানার অধিকার পারিবারিকভাবে নিশ্চিত করতে হবে।

কুড়িগ্রাম কালেক্টরেটের স্বপ্নকুঁড়ি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- ইউএনডিপি’র জাতীয় প্রকল্প ব্যবস্থাপক ড. কাজল চ্যাটার্জি, সেভ দ্য চিলড্রেন সিআরজি প্রকল্পের ডেপুটি ডিরেক্টর আশিক ইকবাল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল ইসলাম সেলিম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব ড. সৈয়দা নওশীন পর্ণিনী, সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, ব্রেকিং দ্য সাইলেন্স’র পরিচালক জাহিদুল ইসলাম, বিটিএস প্রজেক্ট ম্যানেজার মো. তারেকুজ্জামান প্রমুখ।

ইউএনডিপি ও সেভ দ্য চিলড্রেনের সহযোগিতায় এবং জেলা প্রশাসন, স্বপ্ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও ব্রেকিং দ্য সাইলেন্স ‘শিশুবান্ধব স্থানীয় সুশাসন’ প্রকল্প উদ্বোধনের আয়োজন করে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারগণ, স্থানীয় সরকারের প্রতিনিধি, এনজিও, সুশীল সমাজ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ‘শিশুবান্ধব স্থানীয় সুশাসন’ প্রকল্পের আওতায় শিশু ও নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণে বাল্যবিবাহ, শিশু নির্যাতন,  যৌন হয়রানি ও নির্যাতন প্রতিরোধে শিশু-কিশোর-কিশোরীদের সুরক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তৃণমূল পর্যায়ে শিশু ফোরাম গঠনের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে প্রি বাজেট ও উন্মুক্ত বাজেটে শিশুদের জন্য পৃথক বাজেট প্রণয়ন করে তাদের উন্নয়নে ভূমিকা রাখছে।

স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, শিশু অধিকার বাস্তবায়নে স্বপ্ন প্রকল্পের সাথে ‘শিশুবান্ধব স্থানীয় সুশাসন’ প্রকল্প যৌথভাবে কাজ করলে এই অঞ্চলের স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে উপকৃত হবে। শিশুদের অধিকার বাস্তবায়নে স্বপ্ন প্রকল্পের উপকারভোগীরা সচেতন হবে।