মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেক্সাস ও ওহাইও সফরের সময় তার পক্ষে-বিপক্ষে মিছিল ও বিক্ষোভ হয়েছে। স্থানীয় সময় বুধবার তিনি অঙ্গরাজ্য দু’টিতে বন্দুক হামলার ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন। খবর বিবিসি ও রয়টার্সের
ট্রাম্প প্রথমে ওহাইওর ডেটনে যান। পরে সেখান থেকে টেক্সাসে যান। টেক্সাস বিমানবন্দরে পৌঁছানোর পর প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে স্বাগত জানান অঙ্গরাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবট এবং এল পাসোর মেয়র ডি মার্গো। প্রথমে তারা শহরের ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারে যান। সেখানে এল পাসোতে বন্দুক হামলায় বেঁচে যাওয়া আহত ব্যক্তি ও উদ্ধারকর্মীদের সঙ্গে দেখা করে ট্রাম্প। পরে শহরের জরুরি অপারেশন সেন্টার পরিদর্শন করেন। এ সময় রাস্তায় প্ল্যাকার্ড বহন করতে দেখা যায় বিক্ষোভকারীদের। কিছু কিছু প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘ফিরে যান, আপনি এখানে স্বাগত নন’, ‘ট্রাম্পের বিদ্বেষমূলক বর্ণবাদকে এখানে স্বাগত নয়’। এল পাসোর ডেমোক্র্যাট মেয়র ভেরোনিকা এসকোবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাত্ করেননি। তিনি বলেন, ‘তার (ট্রাম্প) বর্ণবাদী ও বিদ্বেষমূলক বক্তব্য আমার সমপ্রদায় ও দেশের মানুষের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে সবকিছু মিলিয়ে এই সফর ‘চমত্কার’ ছিল, এমন মন্তব্য করেছেন ট্রাম্প। ওহাইওতে মানুষের ভালোবাসা ও সম্মানে তিনি আপ্লুত বলে মন্তব্য করেন তিনি। গত শনিবার ও রবিবার টেক্সা ও ওহাইওতে বন্দুক হামলায় ৩২ জন নিহত হন।
