৩৭০ অনুচ্ছেদ শুধু সন্ত্রাসবাদ বিচ্ছিন্নতাবাদ আর দুর্নীতি দিয়েছে জম্মু-কাশ্মীরে

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ০০:২৫

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ জম্মু-কাশ্মীরকে কেবল সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ আর দুর্নীতি দিয়েছে। গত ৫ আগষ্ট এই অনুচ্ছেদ বাতিলের পর বিরোধীসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনার মধ্যে গতকাল জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী মোদি এ কথা বলেন। তিনি জম্মু-কাশ্মীর ও লাদাখকে উন্নত করার অঙ্গীকার করেন।

যা বলেছেন নরেন্দ্র মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি বলেছেন, ৩৭০ অনুচ্ছেদ বাতিলে জম্মু-কাশ্মীরের মানুষ মুক্ত হবেন এবং তারা দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে আন্তরিক হয়ে উঠতে পারবেন। বিক্ষোভ এড়াতেই সেখানে কারফিউ জারি করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি বলেন, কাশ্মীরিদের অধিকার দেওয়া হয়নি। বল্লভভাই প্যাটেল থেকে শুরু করে বি আর আম্বেদকর, অটলবিহারী বাজপেয়ি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এবং কোটি কোটি ভারতবাসীর স্বপ্ন স্বার্থক হয়েছে। কাশ্মীরে নতুন যুগের সূচনা হয়েছে। এখন দেশের সবার সমান অধিকার ও দায়বদ্ধতা। আমি জম্মু-কাশ্মীর ও লাদাখের বাসিন্দা এবং সমস্ত ভারতবাসীকে ধন্যবাদ জানাই। ৩৭০ অনুচ্ছেদ জম্মু-কাশ্মীরের বাসিন্দা এবং শিশুদের ক্ষতি করলেও এটা নিয়ে আলোচনা হয়নি উল্লেখ করে মোদি বলেন, ৩৭০ এবং ৩৫এ ধারা জম্মু-কাশ্মীর থেকে পরিবারতন্ত্র, দুর্নীতি এবং সন্ত্রাসাদ দূর করবে। এগুলোর মাধ্যমে মানুষ পাকিস্তানের যন্ত্রের মতো কাজ করত। গত তিন দশকে কাশ্মীরে প্রায় ৪২ হাজার মানুষের মৃত্যু হয়েছে এ তথ্য জানিয়ে প্রধানমন্ত্রী মোদি আরো বলেন, সেখানে যেভাবে উন্নয়ন হওয়ার কথা ছিল সেভাবে হয়নি। এখন কাশ্মীরের বাসিন্দাদের ভবিষ্যত অনেক উজ্জ্বল হয়েছে।

জাতির উদ্দ্যেশে ৩৮ মিনিটের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, গোটা দেশের জন্য শিক্ষার যে আইনের খসড়া তৈরি করা হয়েছিল তা থেকে সুবিধা পাননি কাশ্মীরেরধ দেড় কোটি মানুষ। দেশের অন্যান্য রাজ্যের শিশুকন্যারা যে সুবিধা পেয়েছে তা থেকে বঞ্ছিত হয়েছে কাশ্মীরের মেয়েরা। প্রধানমন্ত্রী বলেছেন, লাদাখের ভাই-বোনদের প্রতি আহবান, আসুন আমরা সবাই মিলে নতুন জম্মু-কাশ্মীর ও নতুন লাদাখ তৈরি করি। ঈদের প্রাক্কালে সবাইকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী মোদি জানান, সেখানে মানুষের ঈদ পালন করতে যাতে অসুবিধা না হয় সেজন্য সবরকম ব্যবস্থা করা হবে। পার্লামেন্টে কে ভোট দিয়েছে, কে দেয়নি এর ঊর্ধ্বে উঠে জম্মু-কাশ্মীর ও লাদাখের উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে ভাষণে উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদি। -এনডিটিভি ও আনন্দবাজার পত্রিকা