সুন্দরব‌নে অপারেশন ম্যানগ্রোভ শিল্ড

অস্ত্র-গোলাবারুদসহ ‘করিম শরীফ বাহিনীর’ ৩ সদস্য গ্রেপ্তার

আপডেট : ১৫ মে ২০২৬, ১৯:২৪

সুন্দরবনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ চলাকালে ডাকাত করিম শরীফ বাহিনীর সঙ্গে কোস্টগার্ডের ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। অভিযান শেষে বিপুল অস্ত্র ও গোলাবারুদসহ তিনজনকে আটক করা হ‌য়ে‌ছে।

শুক্রবার (১৫ মে) কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। আটকরা হলো- মো. মেহেদী হাসান (২৫), মো. রমজান শরীফ (১৯) বাগেরহাট এবং মো. এনায়েত (২৫)।

কোস্টগার্ড জানায়, সুন্দরবন অঞ্চলে সক্রিয় সকল বনদস্যু বাহিনী নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের ধারাবাহিক সফলতা হিসেবে পঞ্চম বারের মতো ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ এর আওতায় অভিযান পরিচালনা করে কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর ৩ জন সক্রিয় সদস্যকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়।

মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম জানান, সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর সদস্যরা বাগেরহাটের শরণখোলা থানার সুন্দরবনের শ্যালা নদীর মরা চানমিয়া খালী খাল সংলগ্ন এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত বুধবার বিকেল ৫টা থেকে ২ দিন ব্যাপী কোস্টগার্ড বিশেষ অভিযানে নামে। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষণ করে ডাকাতদল। পরে কোস্টগার্ডের পাল্টা গুলিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে হামলাকারীরা। এসময় ধাওয়া দিয়ে করিম শরীফ বাহিনীর তিনজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি একনলা বন্দুক, ১টি দেশীয় পিস্তল, ৪৯ রাউন্ড তাজা কার্তুজ, ১৮৭ রাউন্ড এয়ারগান গোলা, ২টি ওয়াকিটকি ও ৪টি ওয়াকিটকি চার্জার উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন- তারা দীর্ঘদিন ধরে সুন্দরবনে করিম শরীফ বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে ডাকাতি এবং সাধারণ জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিল।

ইত্তেফাক/এপি