ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সোনারামপুর ব্রিজ সংলগ্ন এলাকায় পণ্যবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ মে) বিকেলে নামাজ শেষে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখায়াতি গ্রামের সদ্য প্রবাস ফেরত শাহআলম (৩০) ও একই গ্রামের প্রবাস ফেরত জিয়াউল আমিন (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, পানিশ্বর শাখায়াতি গ্রামের দুই বন্ধু মোটরসাইকেলে করে সদর উপজেলার চিলোকুট দরবার শরীফে জুম্মা নামাজ পড়তে গিয়েছিলেন। নামাজ শেষে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবোঝাই ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।
খাটিহাতা হাইওয়ে থানার ওসি আবু তাহের জানান, ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর ব্রিজের কাছে পণ্যবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলের দুই আরোহীর ঘটনাস্থলেই নিহত হয়েছেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
