মিয়ানমারে পাচারের পথে তিনটি ট্রলারসহ ২৪০০ বস্তা সিমেন্ট জব্দ

আপডেট : ১৭ মে ২০২৬, ১৬:৩৩

সমুদ্র পথে মিয়ানমারে পাচারের সময় তিনটি ট্রলার থেকে প্রায় ২৪০০ বস্তা ট্রলার জব্দের তথ্য জানিয়েছে কোস্টগার্ড। এসময় পাচারে জড়িত থাকার অভিযোগে ৩৩ জনকে আটক করা হয়।

রোববার (১৭ মে) দুপুরের দিকে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। এর আগে শনিবার সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকা থেকে নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে এসব সিমেন্ট জব্দ করা হয়।

কোস্টগার্ড জানায়, এসব এলাকায় শনিবার দিনভর যৌথ অভিযান চালায় সংস্থা দুটি। অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক ৩টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ২৪০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৬ লাখ ৮০ হাজার টাকা। তাছাড়া জব্দ হওয়া ট্রলারগুলো থেকে ৩৩ জনকে আটক করা হয়েছে। আটক পাচারকারীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ওই বোট তিনটির মাধ্যমে হাতিয়া ও সন্দ্বীপ এর বিভিন্ন জায়গা থেকে সিমেন্টবোঝাই করে মিয়ানমারের নিষিদ্ধ গোষ্ঠীকে সরবরাহের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল।

মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, এ ধরনের চোরাচালানের সঙ্গে জড়িত মূলহোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদারের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিত কার্যক্রম বাড়ানো হয়েছে। জব্দ সিমেন্ট, পাচার কাজে ব্যবহৃত বোট এবং আটদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

ইত্তেফাক/এপি