সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চাই : হাসনাত আব্দুল্লাহ

আপডেট : ২১ মে ২০২৬, ০৪:৫৯

জনগণ কাঙ্ক্ষিত ন্যায়বিচার পাচ্ছে না দাবি করে সরকারের কাছে ‘জাস্টিস কার্ড’ চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, দেশে ফ্যামিলি কার্ড কিংবা কৃষক কার্ডসহ বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হলেও মানুষ এখনো ন্যায়বিচার থেকে বঞ্চিত।

বুধবার (২০ মে) সন্ধ্যায় কুমিল্লার নাঙ্গলকোটে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, হাসপাতালে আইসিইউ সংকট, ঘুষ ছাড়া চাকরি না পাওয়া এবং থানায় দালাল চক্রের প্রভাবের মতো সমস্যাগুলো এখনো রয়ে গেছে। এর ফলে সাধারণ মানুষ তাদের প্রাপ্য সেবা ও অধিকার থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে।

দেশে এখনো বিচারহীনতা ও দুর্নীতির পরিবেশ বিদ্যমান দাবি করে তিনি আরও বলেন, মানুষের স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ সংকুচিত হয়ে পড়েছে। গুম ও হত্যার ঘটনা পুরোপুরি বন্ধ না হওয়ায় এবং বিচার পাওয়ার নিশ্চয়তা না থাকায় ভুক্তভোগীরা অনেক সময় আইনি ব্যবস্থা নিতেও অনীহা প্রকাশ করছেন।

এনসিপির এই নেতা উল্লেখ করেন, সমাজে ন্যায়বিচার নিশ্চিত করা না গেলে সরকারের উন্নয়নমূলক উদ্যোগগুলো প্রশ্নবিদ্ধই থেকে যাবে। একই সঙ্গে তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি রোধ এবং বিচারব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

ইত্তেফাক/এনএন