হঠাৎ ঝড়ে ৪৬৭ বস্তা সরকারি চালসহ দুই নৌকাডুবি

আপডেট : ২১ মে ২০২৬, ১৬:১৪

গাইবান্ধার ফুলছড়িতে হঠাৎ ঝড়ে দুটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। ডুবে যাওয়া দুটি নৌকার মধ্যে ভিজিএফের ৪৬৭ বস্তা চাল ছিল। ঈদুল আজহা উপলক্ষে দরিদ্র মানুষের মাঝে বিতরণের জন্য চালগুলো নেওয়া হচ্ছিল।

বৃহস্পতিবার (২১ মে) সকালে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বালাসীঘাট এলাকায় এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।

স্থানীয় ও ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে ফুলছড়ি সরকারি খাদ্য গুদাম থেকে এড়েন্ডাবাড়ী ইউনিয়নের দরিদ্র মানুষের জন্য ৯৩৬ বস্তা চাল বরাদ্দ দেওয়া হয়। সেই চাল ফুলছড়ি খাদ্যগুদাম থেকে ট্রলিতে করে বালাসীঘাটে নিয়ে আসা হয়। সেখান থেকে চরের এড়েন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়ার জন্য মোট চারটি নৌকায় চালবোঝাই করা হয়েছিল। কিন্তু নৌকাগুলো ঘাট ছাড়ার মুহূর্তেই হঠাৎ তীব্র ঝড়ো বাতাস শুরু হলে চারটি নৌকাই ঝড়ের কবলে পড়ে। এর মধ্যে ৪৬৭ বস্তা চালসহ দুইটি নৌকা নদীতে ডুবে যায়।

পরে নৌকা সংশ্লিষ্টরা ও স্থানীয়রা ডুবে যাওয়া চালের বস্তা উদ্ধারে কাজ শুরু করে। খবর পেয়ে ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে যান।

বালাসী ঘাটের স্থানীয় বাসিন্দা ও নৌকাচালক রুহুল আমিন বলেন, সকালে আকাশ খারাপ ছিল। কিন্তু হঠাৎ প্রবল বেগে ঝড় ওঠে এবং সঙ্গে বৃষ্টি শুরু হয়। এতে ঝড়ে নিমিষেই চালের বস্তা ভর্তি দুটি বড় নৌকা নদীতে ডুবে যায়।

ঘটনাস্থলে থাকা এরেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান জানান, সরকারি চালগুলো আজই দরিদ্রদের মাঝে বিতরণের জন্য পরিষদে নেওয়া হচ্ছিল। কিন্তু নৌকায় তোলার পর সকাল সাড়ে ৭টার দিকে প্রচণ্ড ঝড়ের কবলে পড়ে দুর্ঘটনাটি ঘটে। দুপুর সোয়া ১২টা পর্যন্ত নদী থেকে চালের বস্তা উদ্ধারের কাজ চলছিল এবং সব বস্তা তখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

ফুলছড়ি ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে চালসহ দুটি নৌকা ডুবে গেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। উদ্ধার কাজ চলছে। উদ্ধার কাজ শেষ হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ইত্তেফাক/এপি