ঢাকার নবাবগঞ্জ উপজেলার দাউদপুর এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে রকি সাহা (৩২) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রকি সাহা পার্শ্ববর্তী দোহার উপজেলার রায়পাড়া গ্রামের মৃত নিরঞ্জন সাহার ছেলে। দাউদপুর বাজারে ‘রকি স্টোর’ নামে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
বারুয়াখালী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক জহিরুল ইসলাম জানান, রকি তার ব্যবসা প্রতিষ্ঠানেই থাকতেন। এক ব্যক্তি দোকানে রাখা কলা নিতে সকালে সেখানে গেলে দোকানটি ভেতর থেকে বন্ধ পান। পরে তিনি রকিকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে স্থানীয় লোকজনকে জানান।
খবর পেয়ে বাজার কমিটির সদস্যরা ঘটনাস্থলে এসে পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে রকিকে আড়ার সঙ্গে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে বলে জানান পরিদর্শক জহিরুল ইসলাম।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হানিফ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
