বিশ্বকাপ ফাইনালের দিন জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ 

আপডেট : ২২ মে ২০২৬, ১৭:২৪

আগামী ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফিফা বিশ্বকাপের ফাইনাল। আর সেদিনই বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে টি–টোয়েন্টি খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।

ফুটবল বিশ্বকাপ চলাকালীন একটি টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে জিম্বাবুয়েতে যাবে বাংলাদেশ দল। শুক্রবার (২২ মে) এই সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।

২৮ জুন হারারেতে একমাত্র টেস্ট দিয়ে বাংলাদেশ দলের সফর শুরু হবে। সিরিজের শেষটা হবে ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালের দিন! টেস্টের পর হারারেতে দুই দল ওয়ানডে খেলবে ৬, ৯ ও ১১ জুলাই। ওয়ানডে সিরিজ শেষে দুই দল বুলাওয়েতে যাবে তিনটি টি-টোয়েন্টি খেলতে, ম্যাচগুলো হবে ১৫, ১৭ ও ১৯ জুলাই।

জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি বিবৃতিতে বলেন, ‘সব সংস্করণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর সিরিজের প্রত্যাশায় বাংলাদেশের জিম্বাবুয়ে সফর নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত। এই সফরটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চলতি বছরের শুরুর দিকে আইসিসি ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অসামান্য পারফরম্যান্সের পর এ সিরিজের মাধ্যমে ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে।’

ইত্তেফাক/জেডএইচ