শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল আয়োজনে তোড়জোড়

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ২০:৪৩

বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের নামে আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার তোড়জোড় শুরু হয়েছে। বিদেশি দলগুলোকে ঢাকায় আনার জন্য আলোচনা করছে টুর্নামেন্টের আয়োজক চট্টগ্রাম আবাহনীর। বিদেশি দলগুলোকে পেতে এরই মধ্যে বিভিন্ন দেশের ক্লাবগুলোর সঙ্গে কথা বলতে শুরু করেছেন চট্টগ্রাম আবাহনীর কর্মকর্তারা। এই ক্লাবের সহসভাপতি তরফদার রুহুল আমিন শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক। শাকিল মাহমুদ চৌধুরী সমন্বয়ক। তিনি জানিয়েছেন ভারতের দুইটি ক্লাব, মালদ্বীপের একটি ঢাকা হতে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, লিগ রানার্সআপ আবাহনী এবং টুর্নামেন্ট আয়োজক চট্টগ্রাম আবাহনী খেলবে স্বাগতিক দল হিসেবে।

ভারতের ঐতিহ্যবাহী মোহনবাগান এবং ইষ্ট বেঙ্গল ক্লাবকে বাংলাদেশের টুর্নামেন্টে আনার জন্য এরই মধ্যে কলকাতায় গেছেন টুর্নামেন্টের প্রধান সমন্বয়ক তরফদার রুহুল আমিন। শাকিল মাহমুদ বলেন,‘তরফদার সাহেব কলকাতায় কথা বলবেন। যেহেতু সেখানকার ফুটবল দলের কদর আছে বাংলাদেশে। আমরা চাই ওখানকার দল শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে আসুক।’ ভারতের দুটি দল ছাড়াও মালদ্বীপ এবং থাইল্যান্ডের ক্লাব দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে। যে কোনো একটি দেশের দল হলেও চলবে।

চট্টগ্রামে অনুষ্ঠিত আগের দুটি আসরের চেয়ে এবারের আসর ভিন্ন মাত্রায় আয়োজন করতে চায় আয়োজকরা। এর জন্য ব্যয় বাড়ানো হয়েছে। আগের চেয়ে বাজেট এখন বেশি। শাকিল মাহমুদ জানিয়েছেন ছয় সাত কোটি টাকার বাজেট খরচা হয়ে যায় এই টুর্নামেন্ট আয়োজন করতে। যেনতেনভাবে টুর্নামেন্ট আয়োজন করতে চাই না। মর্যাদার সঙ্গেই একটা ভালো মানের টুর্নামেন্ট উপহার দেওয়ার লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।’ চ্যাম্পিয়ন দলকে দেওয়া হতো ২৫ হাজার ডলার। সেটি এখন ৫০ হাজার ডলার করা হয়েছে। রানার্সআপ দলকে দেওয়া হবে ২৫ হাজার ডলার। সেই সঙ্গে বিদেশি দলগুলোকে বাংলাদেশে আসা-যাওয়া, থাকা-খাওয়ার সব খরচ আয়োজকরাই দেবে। শুধু তাই নয় প্রত্যেক দলকে অংশগ্রহণ করার জন্য ১০ হাজার ডলারও দেওয়া হবে। অক্টোবর মাসকে লক্ষ্য রেখে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন আয়োজকরা। ২০১৫ এবং ২০১৭ সালে দুইবার এই টুর্নামেন্ট হয়েছিল। প্রথম আসরে চট্টগ্রাম আবাহনী চ্যাম্পিয়ন হয়ে ঘরে ট্রফি রেখেছে। দ্বিতীয় আসরে মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব চ্যাম্পিয়ন হয়।