ক্লাবগুলোর ব্যয় ১.৪১ বিলিয়ন পাউন্ড

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ২০:৪৩

গেল গ্রীষ্মকালীন দলবদলে খেলোয়াড় নিবন্ধন করতে ১.৪১ বিলিয়ন পাউন্ড খরচ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলো। মাত্র .০২ বিলিয়নের জন্য ২০১৭ সালের রেকর্ড ছুঁতে পারেনি এই ক্লাবগুলো। তবে এত খরচের পরও বড় কোনো তারকা আসেননি ইংল্যান্ডে।

উলটো ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফরোয়ার্ড রোমেলু লুকাকু প্রিমিয়ার লিগ ছেড়ে পাড়ি জমিয়েছেন ইন্টার মিলানে। শেষ দিনে পাওলো দিবালা ও ফেলিপে কোটিনহোদের অন্তত একজনের টটেনহ্যামে আসার সম্ভাবনা থাকলেও দুই পক্ষের বিভিন্ন শর্তের বেড়াজালে আটকে আর প্রিমিয়ার লিগে আসা হয়নি কারোই।

শেষ দিনে জুভেন্তাস ফরোয়ার্ড দিবালা কিংবা ফেলিপে কোটিনহোদের একজনকে পাবার আশা ছিল গেল মৌসুমে তৃতীয় হয়ে লিগ শেষ করা টটেনহ্যামের। জুভেন্তাস-বার্সেলোনার সঙ্গে কোনো প্রকারের সম্মতি না হওয়ায় শেষমেশ কাউকেই দলে ভেড়াতে পারেনি তারা। তবে শেষদিনে উঠতি আর্জেন্টাইন ফরোয়ার্ড জিওভানি লো সেলসোকে কিনতে না পারলেও রিয়াল বেতিস থেকে ধারে এনেছে তারা।

গেল দলবদল মৌসুমের শুরু থেকেই লিভারপুল জানিয়ে রেখেছিল যে, এই মৌসুমে তেমন খেলোয়াড়ই কিনবে না তারা। পুরো দলবদলে পাঁচ মিলিয়ন ইউরোরও কম খরচ করে কথা রেখেছে কোচ য়ুর্গেন ক্লপের দল। এদিকে শিরোপাধারী ম্যানচেস্টার সিটি গেল দলবদলে আবারও তাদের ক্লাব রেকর্ড ভেঙেছে।

তবে দলবদলের শেষ দিনে বড় খবর ছিলেন রোমেলু লুকাকু। গত বৃহস্পতিবার ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ৭০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ইন্টার মিলানে যোগ দিয়েছেন বেলজিয়ান এই ফরোয়ার্ড।