কোচ নিয়োগে আরো অপেক্ষা

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ২০:৪৪

ঈদ আমেজের সৌরভ ছড়িয়ে পড়েছে গোটা দেশে। ঈদুল আজহার আগেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নয়া হেড কোচ নিয়োগ কার্যক্রম গুছিয়ে আনার আশা প্রকাশ করেছিল বিসিবি। বিশেষ করে সম্ভাব্য পছন্দের তিন প্রার্থীর সাক্ষাত্কার পর্ব শেষ হবে বলে জানিয়েছিলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। গত সপ্তাহে রাসেল ডমিঙ্গো সাক্ষাত্কার দিয়ে গেছেন।

তবে বিসিবির পছন্দের তথা সংক্ষিপ্ত তালিকায় থাকা বাকি দুই প্রার্থীর সাক্ষাত্কার ঈদের আগে আর হচ্ছে না। অন্তত ঈদের আগে সশরীরে ঢাকায় এসে কোনো কোচই সাক্ষাত্কার দিচ্ছেন না। গতকাল বিসিবির এক দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তাই ঈদের ছুটির কারণে হঠাত্ চাঙ্গা হয়ে ওঠা হেড কোচ নিয়োগের প্রক্রিয়ায় কিছু ভাটার টান লাগছেই। ঈদের পরই সবকিছু চূড়ান্ত হবে।

তবে ঈদের দুই-এক দিনের মধ্যেই নতুন কেউ সাক্ষাত্কার দিতে আসার সম্ভাবনা রয়েছে। সূত্র জানায়, আবার সরাসরি ঢাকায় এসে সাক্ষাত্কার দেওয়ার আবশ্যকতাও লাগছে না। কারণ তথ্য-প্রযুক্তির এই যুগে ইন্টারনেটে স্কাইপে বা মুঠোফোনে যে কারো সঙ্গে কথা বলা সম্ভব। ঈদের আগে এই প্রক্রিয়ায় দুই-এক জন কোচের সঙ্গে বিসিবির আলাপ-আলোচনা হয়েছে বলে জানা গেছে।

বিসিবির এক প্রভাবশালী পরিচালক গতকাল জানিয়েছেন, এখন ঈদের আগে আর কিছু হচ্ছে না। কেউ আসছেন না। ঈদের ২-১ দিন পর কিছু হতে পারে।

সাক্ষাত্কার দিতে ডমিঙ্গোর মতো কারো ঢাকায় আসার দরকারও হচ্ছে না। গতকাল ঐ পরিচালক বলেছেন, দেখেন এখন আসতে হবে এমন তো কিছু নেই। স্কাইপে সেশনে, ফোনেও কথা বলার সুযোগ আছে। তবে এখনই কিছু হচ্ছে না।

অবশ্য আগামী মাসে দেশের মাটিতে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট ও ত্রিদেশীয় টি-২০ সিরিজে নতুন হেড কোচের অধীনেই খেলবে বাংলাদেশ। বিসিবি চেষ্টা করছে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প চলাকালীনই কোচ নিয়োগ চূড়ান্ত করতে। ২০ আগস্ট শুরু হবে কন্ডিশনিং ক্যাম্প।

এদিকে সংক্ষিপ্ত তালিকায় থাকলেও রাসেল ডমিঙ্গোকে আর হেড কোচের পদে বিবেচনা করা হচ্ছে না। এই প্রোটিয়া কোচকে এইচপির দায়িত্ব দেওয়ার চিন্তা করছে বিসিবি।

বিসিবির পছন্দের তালিকায় আছেন মাইক হেসন ও চন্ডিকা হাথুরুসিংহে। সাবেক কোচ হাথুরুসিংহেকে ফিরিয়ে আনতে চায় বিসিবির একটি পক্ষ। তবে তাদের চাওয়া পূরণ হওয়ার সম্ভাবনা কমে এসেছে। নিউজিল্যান্ডের সাবেক কোচ মাইক হেসনের বিষয়টিও অনেকদিক থেকে ঝুলে গেছে। হেসন হেড কোচ পদে সাক্ষাত্কার দেবেন বাংলাদেশের পাশাপাশি ভারত ও পাকিস্তানে।

হাথুরুসিংহে, হেসন ছাড়াও টাইগারদের কোচ হওয়ার দৌড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ ডেল বেনকেনস্টাইন, শ্রীলঙ্কার সাবেক ফিল্ডিং কোচ স্টিভ রিক্সনের নাম উচ্চারিত হচ্ছে দেশের ক্রিকেটাঙ্গনে।

তবে বাংলাদেশের হেড কোচ নিয়োগের বিষয়টি আরো স্পষ্ট হয়ে উঠতে পারে আগামী ১৪ আগস্টের পর। কারণ সেদিন ভারতের হেড কোচের পদে সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাত্কার নেওয়ার কথা বিসিসিআইয়ের। ভারতের কোচ ঠিক হয়ে যাওয়ার পর বিসিবি ও পিসিবির জন্য কাজটা সহজ হয়ে যাবে। তখন হেড কোচ হতে আগ্রহীরা এই দুই বোর্ডের প্রস্তাবের দিকে নজর দেবেন। আপাতত ভারতের কোচ হওয়ার আশায় অনেকেই কালক্ষেপণ করছেন।