তিশার তেঁতুল পাতায় দু’জন

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ২০:৫০

 

চ্যানেল আইতে ঈদের ষষ্ঠ দিন রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক তেঁতুল পাতায় দু’জন। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন প্রীতি দত্ত। অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, শিপন মিত্র প্রমুখ

রুপু বিউটি পার্লারে কাজ করে আর সুলতান রঙ মিস্ত্রি। এত বাড়িঘর রঙ করে, কিন্তু নিজের ঘরের দেয়ালে রঙ নেই। দু’জনের অভাবের সংসারে সুখ আছে, আফসোস শুধু সেই রঙ কেনার সাধ্য দু’জনের নেই। অভাব থেকে শুরু হয় নৈতিকতার পতন। রঙ করতে গিয়ে সুলতানের মাথায় রঙ চুরির চিন্তা আসে। তখনই রঙ করার সময় উচু জায়গা থেকে পড়ে গিয়ে পা ভাঙে তার। অন্যদিকে নিজের সামনের মাসের বেতর অগ্রিম নিয়ে সুলতানকে না বলে ঘর রঙ করার সরঞ্জাম কেনে। সুলতান যখন পা ভেঙে ঘরে ফেরে তখন আর বলা হয় না রঙ কেনার কথা। চিকিত্সায় অনেক টাকা খরচ হতে থাকে। রঙগুলোও দোকানে ফেরত দিয়ে আসে রুপু। এমন সময় রুপুর কাছে প্রস্তাব দেয় পার্লারের মালিক বাসায় বাসায় গিয়ে বডি ম্যাসাজ করে দেওয়ার। বাজে ইঙ্গিত থাকে তাতে। ওকে বোঝায় ও একটু স্যাক্রিফাইজ করলে অনেক ভালো থাকতে পারে রুপু আর সুলতান। সুলতানের কথা ভেবে দোটানায় পড়ে যায় রুপু। কী করবে আর কী করবে না বুঝে উঠতে পারে না। সুলতান একদিন ভাঙা পা নিয়ে শুয়ে শুয়ে বলে অনেকের কিন্তু তো অনেক কিছু আছে যদি তার স্বপ্ন একটু পূরণ হতো তাইলে কই এমন ক্ষতি হতো। সুলতানের আফসোস রুপুর ভেতর তোলপাড় সৃষ্টি করে দেয়। ও পার্লারের মালিকের প্রস্তাবে রাজি হয়ে যায়। পরদিন ঘর থেকে বের হয়ে এক পা দেয় আর সুলতান কী ভেবে যেন পেছন থেকে ডেকে উঠে রুপু বলে। এক মুহূর্তে রুপুর মনে হয় অভাব থাকবেই, কিন্তু অসত্ সে হতে পারবে না। সুলতানই তার জীবনের সব রঙ।