পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা আট দিন ছুটির কারণে দিনাজপুরের হিলি স্থলবন্দরের সকল কার্যক্রম বন্ধ থাকবে।
আজ শনিবার থেকে টানা আট দিন ছুটির ফাঁদে হিলি স্থলবন্দরের সকল কার্যক্রম। ঈদুল আজহা উপলক্ষে বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপ, সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনসহ বন্দর সংশ্লিষ্ট সংগঠনগুলো এই সিদ্ধান্ত নিয়েছে। তবে হিলি চেকপোস্টের মাধ্যমে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক আছে।
বন্দরের বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, ঈদুল আজহা আগামী ১২ আগস্ট। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। এ উপলক্ষ্যে শনিবার থেকে ১৭ আগস্ট পর্যন্ত আট দিন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৮ আগস্ট সকাল থেকে যথারীতি শুরু হবে বন্দরের সকল কার্যক্রম।
হিলি স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা নুর আমীন বলেন, ব্যবসায়ীরা এই কয়দিন বন্ধের সিদ্ধান্ত নিলেও শুধুমাত্র ঈদ, জাতীয় শোক দিবস ও সাপ্তাহিক ছুটিতে কাস্টমস কার্যালয় বন্ধ থাকবে। এরপর থেকে অফিসিয়াল কাজকর্ম চলবে।
ভোমরা স্থল বন্দর
সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাপ্তাহিক সরকারি ছুটি ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা আট দিনের ছুটির ফাঁদে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। তবে, ছুটির দিন যাবতীয় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের জন্য ভারতে যাওয়া-আসার ক্ষেত্রে ইমিগ্রেশন যথারীতি খোলা থাকবে। ভোমরা স্থল বন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, শুক্রবার সাপ্তাহিক সরকারি ছুটির দিন। এছাড়া ঈদুল আজহা উপলক্ষ্যে শনিবার থেকে ১৪ আগস্ট পর্যন্ত এবং ১৫ আগস্ট বাংলাদেশের জাতীয় শোক দিবস ও ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ভোমরা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। একই সাথে আগামী ১৬ আগস্ট শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকার কারণে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ছুটি শেষে ১৭ আগস্ট থেকে ফের কর্মচঞ্চল হয়ে উঠবে ভোমরা স্থলবন্দর।
