সাতক্ষীরার তালায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মে) সকালে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার তেঁতুলিয়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাসিম ফকির (৩২) এবং মেহেদী হাসান (২৫)। নিহতরা দুজন সম্পর্কে চাচাতো ভাই।
এরমধ্যে নাসিম ফকির তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামের খোকন ফকিরের ছেলে এবং মেহেদী হাসান প্রসাদপুর গ্রামের হাফিজুল ফকিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নিজের খামারের জন্য মাছ আনতে চুকনগরের উদ্দেশে মোটরসাইকেলে রওনা হন নাসিম। এ সময় তার সঙ্গে আরোহী হিসেবে ছিলেন মেহেদী। পথে তেঁতুলিয়া এলাকায় পৌঁছালে ১৮ মাইল এলাকা থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
স্থানীয় বাসিন্দাদের দাবি, সংঘর্ষের পর মোটরসাইকেলটি পিকআপ ভ্যানের নিচে আটকে যায়। এতে ঘটনাস্থলেই নাসিম ফকির নিহত হন এবং মেহেদী হাসান গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে মেহেদী হাসানের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
তালা থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

