গঙ্গার পানি বণ্টনে ঢাকা-দিল্লি যৌথ কারিগরি কমিটি

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ২১:৩৫

বাসস

পানি বণ্টন চুক্তি অনুসারে গঙ্গার পানির সম্ভাব্য সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার সমীক্ষার লক্ষ্যে বাংলাদেশ ও ভারত গতকাল এক যৌথ কারিগরি কমিটি গঠন করেছে। রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে সচিব পর্যায়ে অনুষ্ঠিত বৈঠক শেষে এক যৌথ মিডিয়া ব্রিফিংয়ে পানিসম্পদ সচিব কবির বিন আনোয়ার এ কথা জানান। ভারতের পানিসম্পদ সচিব উপেন্দ্র প্রসাদ শিং ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

আনোয়ার বলেন, ‘উভয়পক্ষই সাতটি অভিন্ন নদী—মানু, মুহুরী, খোয়াই, ফেনী, গোমতী, ধরলা, দুধকুমার ও তিস্তার অভ্যন্তরীণ পানি বণ্টন চুক্তির অবকাঠামো প্রস্তুতে ঐকমত্যে পৌঁছেছি।’ তিনি বলেন, পদ্মা-মেঘনা ও যমুনা এ তিন নদীর অববাহিকাভিত্তিক যৌথ কাজ করার লক্ষ্যে এক ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে নদী ব্যবস্থাপনা, পানিদূষণ প্রতিরোধ ও বাঁধ নির্মাণ কাজ করা নিয়েও আলোচনা হয়। তিনি জানান, দিল্লি আশ্বস্ত করেছে যে, বাংলাদেশের সঙ্গে আলোচনা ব্যতিরেকে হিমালয়ের আন্তঃসীমায় অবস্থিত নদীগুলোতে কোনো আন্তঃসংযোগ প্রকল্প গ্রহণ করবে না। এ বৈঠককে এক নতুন যাত্রা হিসেবে উল্লেখ করে আনোয়ার বলেন, প্রায় আট বছরেরও বেশি সময় অতিক্রান্তের পর অনুষ্ঠিত বৈঠকটি গুরুত্বপূর্ণ। এটি দ্বীপাক্ষিক সহযোগিতা জোরদার করবে।

উপেন্দ্র প্রসাদ শিং বলেন, উভয় দেশই অভ্যন্তরীণ পানি বণ্টনের অবকাঠামো প্রস্তুতে সাতটি নদীর অধিকতর হালনাগাদ উপাত্ত সংগ্রহে কাজ করবে। বৈঠক শেষে উভয়পক্ষ আলোচনার রেকর্ডে স্বাক্ষর করে। এর আগে ভারতের পানিসম্পদ সচিব বাংলাদেশের পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক ও উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীমের সঙ্গে সাক্ষাত্ করেন।