ইত্তেফাক রিপোর্ট
পবিত্র ঈদুল আজহা ও ১৫ আগস্ট শোক দিবসকে ঘিরে পৃথক নিরাপত্তা বলয় গড়ে তোলা হচ্ছে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর মহাপরিচালক বেনজীর আহমেদ।
তিনি বলেন, ঈদের আগে ও ঈদ-পরবর্তী নিরাপত্তার বিষয়ে পৃথক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সে অনুযায়ী পুরো নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে। তিনি বলেন, ঘরমুখী মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রতিটি বাস-লঞ্চ টার্মিনাল ও ট্রেন স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা মনিটরিং করছে র্যাব।
এলিট ফোর্স র্যাব প্রধান বলেন, জাতীয় ঈদগাহসহ গুরুত্বপূর্ণ সব ঈদগাহের নিরাপত্তায় ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরায় মনিটরিং থাকছে। এছাড়া, ডগ স্কোয়াডের মাধ্যমে সুইপিং করা হবে। কাশ্মীর নিয়ে দেশের পানি ঘোলা করার চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্কবার্তা দিয়েছেন র্যাবের ডিজি বেনজীর আহমেদ। তিনি বলেন, কাশ্মীর ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয়। তাদের নিজস্ব বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। আশা করব বিষয়টি নিয়ে কেউ দেশে পানি ঘোলা করার চেষ্টা করবেন না। গতকাল শুক্রবার দুপুরে কাওরানবাজারে র্যাব মিডিয়া সেন্টারে ঈদে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সতর্কবার্তা দেন।
