বরিশালে লঞ্চ থেকে ৩০ লাখ টাকার পলিথিন উদ্ধার

আপডেট : ০৯ আগস্ট ২০১৯, ২১:৫০

বরিশাল নদীবন্দরে এমভি পারাবত-১২ লঞ্চ থেকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ১৩ হাজার ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার রাতে পারাবত-১২ লঞ্চের ভেতর থেকে ঐ পলিথিন উদ্ধার করা হয়। অবৈধ পলিথিন পরিবহনের দায়ে লঞ্চ কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে নেতৃত্ব দেওয়া বরিশাল কোস্টগার্ডের পেটি অফিসার তৈয়বুর রহমান জানান, বরিশাল নদীবন্দরে অবস্থানরত এমভি পারাবত-১২ লঞ্চে অভিযান চালায় তাদের একটি দল। এ সময় লঞ্চের ভেতর থেকে উদ্ধার করা হয় প্রায় ৩০ লাখ টাকা মূল্যের অবৈধ পলিথিন। তবে পলিথিনের মালিকানা কেউ স্বীকার না করায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদের ভ্রাম্যমাণ আদালত লঞ্চ কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।