কুড়িয়ে পাওয়া বস্তু হাতে নিতেই বিস্ফোরণ, উড়ে গেলো শিশুর পাঁচ আঙুল

আপডেট : ২৯ মে ২০২৬, ১৬:৫১

শরীয়তপুরের জাজিরায় ফসলি জমিতে কুড়িয়ে পাওয়া ককটেল সদৃশ বস্তু বিস্ফোরণে রাহাত (১৩) নামে স্কুল পড়ুয়া এক শিশুর হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। তার একটি হাতের সবকটি আঙুল ঝরে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। উন্নত চিকিৎসার জন্য তাকে জাজিরা থেকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

শুক্রবার (২৯ মে) সকালে উপজেলার মুলনার পাশের সেনেরচরের চদ্দপুরিয়ায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চরধুপুর চরকান্দি (মোল্লা কান্দির মাথায়) বাবুল মাদবরের ভাতিজা শামসু মাদবরের ছেলে রাহাত (১৩) ফসলি জমিতে কুড়িয়ে পাওয়া টেপ মোড়ানো একটি ককটেল সদৃশ বস্ত খেলনা মনে করে হাতে নেয়। স্কচটেপ খুলতে গেলে সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে রাহাতের হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়।

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানভীর বলেন, এক হাতের প্রায় সব আঙুল ঝরে গিয়ে অত্যন্ত গুরুতর অবস্থায় আমাদের কাছে শিশুটিকে নিয়ে আসায় হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকায় পাঠিয়ে দিয়েছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জাজিরা থানার ওসি মোহাম্মদ সালেহ আহমেদ। তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এপি