ঢাকায় আজও গরমের দাপট, নেই বৃষ্টির আশঙ্কা

আপডেট : ৩০ মে ২০২৬, ০৮:৫২

রাজধানী ঢাকায় আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও গরমের প্রভাব অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রা আগের দিনের তুলনায় কিছুটা কমতে পারে। ফলে ভ্যাপসা গরম পুরোপুরি না কমলেও তাপমাত্রা সামান্য কমায় কিছুটা স্বস্তি আসতে পারে।

শনিবার (৩০ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, দুপুর পর্যন্ত আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে এ সময়ে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমলেও ভ্যাপসা গরম পুরোপুরি কমবে না।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যে জানা গেছে, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য বৃষ্টিপাত হয়েছে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ১১ মিনিটে।

এদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়া, বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

তবে সারাদেশে দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে, আর রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

ইত্তেফাক/এসজেএস