বাংলাদেশে স্বীকারোক্তি আদায় বা ঘুষ গ্রহণের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক নির্যাতন দুর্ব্যবহারের অভিযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের ‘কমিটি এগেইনিস্ট টর্চার’ (সিএটি)। গতকাল শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভা থেকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সংস্থাটির প্রকাশিত এক প্রতিবেদনে এই উদ্বেগ জানানো হয়েছে। প্রতিবেদনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহিতা নিশ্চিতে ব্যর্থতার কথাও উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশে স্বেচ্ছাচারীভাবে আটক, অজ্ঞাত স্থানে বন্দি, গুম, সাম্প্রতিক নির্বাচন ও জনগণের বিক্ষোভ সমাবেশে অতিমাত্রায় বল প্রয়োগের ঘটনায় কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশে জেলগুলোতে অপর্যাপ্ত ব্যবস্থা, নারীর প্রতি সহিংসতা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী ও ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিষয়েও উদ্বেগ জানিয়েছে এই কমিটি। কমিটি প্রতিবেদনে সুপারিশ করেছে যে, বাংলাদেশ সরকারকে প্রকাশ্যে বলতে হবে যে, যেকোনো পরিস্থিতিতে নির্যাতনকে মানা হবে না। হেফাজতে নির্যাতন ও অসদ আচরণের সকল অভিযোগের তদন্ত নিশ্চিতে পদক্ষেপ নিতে হবে।
