সাভারে বেতন বোনাসের দাবিতে শ্রমিক বিক্ষোভ

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ০০:২১

ঈদের আগে বকেয়া বেতন-বোনাস পরিশোধের দাবিতে সাভারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং টায়ার জ্বালিয়ে ঘণ্টাব্যাপী রাজাশন-বিরুলিয়া সড়ক অবরোধ করে রাখে। গতকাল শুক্রবার সকালে পৌর এলাকার রাজাশন মহল্লায় অবস্থিত মারহাবা স্পিনিং মিলস লিমিটেড কারখানায় এ বিক্ষোভের ঘটনা ঘটে।

শিল্প পুলিশ ও বিক্ষুব্ধ শ্রমিকরা জানায়, আগামী সোমবার পবিত্র ঈদুল আজহা। তাই রবিবার থেকে ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। কিন্তু এখনো ওই কারখানায় শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করেনি মালিকপক্ষ। গত বৃহস্পতিবার শ্রমিকদের ঈদ বোনাস দেওয়ার কথা থাকলেও সারাদিন কাজ করিয়ে রাতে পালিয়ে যায় মালিকপক্ষের লোকজন। এঘটনায় শুক্রবার সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে প্রথমে কর্মবিরতি পালন শুরু করে। একপর্যায়ে প্রায় তিন শতাধিক শ্রমিক কারখানার সামনের রাস্তায় অবস্থান নেয়। এসময় বিক্ষব্ধ শ্রমিকরা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে। এ ঘটনায় এক ঘণ্টার মতো যান চলাচল বন্ধ থাকে। সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরে শিল্প পুলিশের কর্মকর্তারা মালিক পক্ষের সাথে আলোচনা করে শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নেয়।

কারখানাটির এক শ্রমিক বলেন, মালিকপক্ষ প্রতি মাসেই আমাদের বেতন পরিশোধে গড়িমসি করে। আন্দোলন করে গত জুন মাসের বেতন পেয়েছি আগস্ট মাসে। গতকাল আমাদের বোনাস দেওয়ার কথা বলে রাত ১০টা পর্যন্ত কাজ করানোর পরও কর্তৃপক্ষ কোনো উদ্যোগ না নিয়ে পালিয়ে যায়। কারখানাটির ইউটিলিটি ম্যানেজার সুলতান মাহমুদ বলেন, বিক্ষব্ধ শ্রমিকদের পাওনা পরিশোধের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। শ্রমিকদের বেতন ঈদের আগেই পরিশোধ করা হবে।

শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ সালেহ বলেন, শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের বিষয়ে মালিক পক্ষের সঙ্গে কথা হয়েছে। কর্তৃপক্ষ শ্রমিকদের পাওনা পরিশোধ করবেন বলে জানিয়েছেন। কারখানা এলাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।