খালেদা জিয়া আশঙ্কাজনক পর্যায়ে, দ্রুত মুক্তি দিন : রিজভী

আপডেট : ১০ আগস্ট ২০১৯, ০০:২৩

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার ডায়াবেটিস নিয়ন্ত্রণহীন হয়ে আশঙ্কাজনক পর্যায়ে উপনীত হয়েছে। বারবার ইনসুলিন পরিবর্তন এবং ইনসুলিনের মাত্রা বৃদ্ধি করার পরেও কোনো অবস্থাতেই তার সুগার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সুগার নিয়ন্ত্রণ করতে গিয়ে খাবারের পরিমাণ অনেক কমিয়ে দেওয়াতে শরীরের ওজন অনেক হ্রাস পেয়েছে। বারবার দাবি করার পরেও তাকে বিশেষায়িত হাসপাতালে চিকিত্সার ব্যবস্থা করা হয়নি। ব্যথার কারণে রাত্রে তার ঘুম হচ্ছে না এবং সারাক্ষণ তিনি অস্থির থাকছেন। দ্রুত তার মুক্তি না দিলে প্রাণহানীর আশঙ্কা করছি আমরা। তাকে দ্রুত মুক্তি দিন।’

গতকাল শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।